২০ ডিসেম্বর, ২০২২ ২১:২৫
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার ফরফরা এলাকায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক নারী। আহত হয়েছেন ধান ভাঙার মেশিনের গাড়ির চালক।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ধান ভাঙার মেশিনের গাড়ির চালক ও নারীকে ধাক্কা দিয়ে পিকআপটি খাদে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ পিকআপ জব্দ করলেও চালক পালিয়ে যান।
নিহত আয়বুন নেছা (৬০) উপজেলার খড়িকাপুঞ্জি গ্রামের আবু শহিদের স্ত্রী। আহতের নাম লুৎফুর রহমান।
স্থানীয়রা জানান, মহাসড়কের ফরফরা এলাকায় সিলেট থেকে ফ্রিজ বহনকারী একটি পিকআপ ট্রাক প্রথমে ধান ভাঙার মেশিনের গাড়িকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নারীকে ধাক্কা দিয়ে পিকআপটি খাদে পড়ে যায়।
ঘটনার পর স্থানীয় লোকজন আয়বুন নেছাকে উদ্ধার করে সিলেটের ইবনে সিনা হাসপাতালে ও লুৎফুর রহমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আয়বুন নেছা। লুৎফুর রহমানের অবস্থাও গুরুতর।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাস জানান, বিকেলে হাইওয়ে পুলিশ ট্রাক ও ধান ভাঙার মেশিন জব্দ করেছে।
আপনার মন্তব্য