নিজস্ব প্রতিবেদক:

২১ ডিসেম্বর, ২০২২ ২৩:১৬

মেছো বিড়ালকে পিটিয়ে হত্যার পর মুমূর্ষু অবস্থায় বৃদ্ধকে উদ্ধার

সিলেটের ফেঞ্চুগঞ্জে একজনকে আক্রমণের পর এই মেছো বিড়ালটি পি‌টিয়ে মেরেছেন স্থানীয়রা।

সিলেটের ফেঞ্চুগঞ্জে মেছো বিড়ালের আক্রমণে মো. লেজু মিয়া (৭০) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। বুধবার ভোরে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ধারণ গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত লেজু মিয়া ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় লোকজন মেছো বিড়ালটিকে পিটিয়ে মেরে ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লেইছ চৌধুরী বলেন, ‘মেছো বিড়ালের আক্রমণে আহত লেজু মিয়া তার প্রতিবেশী। আজ ভোরে লেজু মিয়া ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হন। বাড়ি থেকে যাওয়ার পথে গ্রামের টিলা এলাকায় পৌঁছালে একটি মেছো বিড়াল তাকে একা পেয়ে কাঁধে কামড় বসিয়েছিল। পরে টেনে টিলার ওপর নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় তার চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে গিয়ে লাঠি দিয়ে পিটিয়ে ছাড়ানোর চেষ্টা করলেও মেছো বিড়ালটি কামড় ছাড়েনি। একপর্যায়ে লোহা মুখে ঢুকিয়ে কামড় ছাড়ানো হয়।

‘মারার পর মেছো বিড়ালটির ওজন দেওয়া হয়েছে। সেটির ওজন ছিল ৩২ কেজি।’

ইউপি সদস্য জালাল উদ্দিন বলেন, ‘ওই মেছো বিড়ালটি বেশ কয়েক দিন ধরে এলাকায় উৎপাত করছিল। গ্রামের মানুষকে রাতে তাড়া করার ঘটনাও ঘটেছে।’

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. রাশেদুল হক বলেন, ‘সকালে মেছো বিড়ালের আঁচড়ে আহত হয়ে এক বৃদ্ধ হাসপাতালে এসেছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসার পর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

সিলেট বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (ওয়াইল্ডলাইফ রেঞ্জার) শহিদুল্লাহ বলেন, ‘মেছো বিড়াল কোনো কোনো পরিস্থিতিতে মানুষের ওপর আক্রমণ করতে পারে। তবে সেটি পরিস্থিতির ওপর নির্ভর করে। ফেঞ্চুগঞ্জের ঘটনাটি তিনি খোঁজ নিয়ে দেখবেন।’

আপনার মন্তব্য

আলোচিত