২৫ ডিসেম্বর, ২০২২ ০১:১৭
মৌলভীবাজারের বড়লেখায় পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে তারেক আহমদ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর, উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের স্কুল ও মাদ্রাসার ৯১ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্য থেকে ২০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
বিকেলে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার হিসাবে ক্রেস্ট, সার্টিফিকেট, বই, নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকলকে পুরস্কৃত করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তবারক হোসেইন। স্বাগত বক্তব্য রাখেন তারেক আহমদ মেধা বৃত্তির সমন্বয়ক এনামুল হক।
পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক ও মেধাবৃত্তির প্রধান সমন্বয়ক জাফর আহমদের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান, উপজেলা মাধ্যমকি শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, বড়লেখা আদালতের এপিপি গোপাল দত্ত প্রমুখ।
আপনার মন্তব্য