কমলগঞ্জ প্রতিনিধি:

২৭ ডিসেম্বর, ২০২২ ০০:০৩

মলদ্বারবিহীন ও ঠোঁট কাটা নবজাতকের জন্ম, বিপাকে চা শ্রমিক দম্পতি

মৌলভীবাজারের কমলগঞ্জে মলদ্বারবিহীন ও ঠোঁট কাটা অবস্থায় জন্ম নেওয়া এক নবজাতক নিয়ে বিপাকে পড়েছে দরিদ্র দম্পতি।

শুক্রবার জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম দেন উপজেলার মাধবপুর চা বাগানের দক্ষিণ পাড়ার দরিদ্র অটোরিকশা চালক গোপাল ভরের চা শ্রমিক স্ত্রী গীতাবতী। টাকার অভাবে চিকিৎসা না করিয়েই নবজাতককে নিয়ে বাড়ি ফেরেন তারা।

জানা যায়, মৌলভীবাজারের আল-হামরা প্রাইভেট হাসপাতালে চা শ্রমিক গীতাবতী চতুর্থ সন্তানের জন্ম দেন। জন্মের পর দেখা যায় নবজাতকের মলদ্বার নেই এবং ঠোঁট কাটা। জন্মের দুই দিন পর নবজাতককে নিয়ে বাড়িতে চলে আসে পরিবার। চিকিৎসকরা বলছেন, মলদ্বারে সার্জারি করলে ঠিক হয়ে যাবে। তবে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না বাবা-মা।

নবজাতকের বাবা অটোরিকশা চালক গোপাল ভর জানান, ডাক্তার বলছেন, তার সন্তানের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। তবে এত টাকা খরচ করে শিশুটির চিকিৎসা করানোর সামর্থ্য তাদের নেই। কেউ যদি সাহায্য করেন, তাহলে হয়তো বাচ্চাটিকে বাঁচানো সম্ভব।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, ‘সাধারণত খুব কম নবজাতক এ ধরনের বিরল সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। তবে সার্জারির মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। জন্মের পর কোনো অসংগতি দেখলেই শিশু সার্জনের কাছে নেওয়া উচিত। যত দ্রুত সম্ভব সার্জারি করালে বাচ্চাটা সুস্থ হয়ে উঠবে।’

আপনার মন্তব্য

আলোচিত