২৭ ডিসেম্বর, ২০২২ ০২:০২
জৈন্তাপুর উপজেলায় নানা আয়োজন ও আনুষ্ঠানিকতায় খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও উপজেলার চিকনাগুল প্রেসবিটারিয়ান চার্চে সকাল থেকে কনকনে শীতের মধ্যে প্রার্থনা আর সংগীতে মুখর হয়ে ওঠে যিশু বন্দনায়। উৎসবের সাজে খ্রিষ্ট ধর্মের অনুসারীরা অংশ নিয়েছেন খ্রিষ্টযোগে। তাই গির্জায় ছিল প্রার্থনা ও আনন্দ-উৎসবের নানা আয়োজন। শিশুদের উপহার দেওয়া এবং স্বজনের সঙ্গে সাক্ষাৎ ছিল উৎসবের মূল অনুষঙ্গ। উৎসবের রঙে লাল, নীল ও সবুজ এলইডি বাতি দিয়ে ক্রিসমাস ট্রি ঝলমলে করে সাজানো হয়।
গির্জায় আসা দর্শনার্থীরা বলেন, আজ আমাদের যীশুর জন্মদিন। তিনি এসেছিলেন মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য। তার এই জন্মদিন আমাদেরকে কল্যাণ, সাম্য, সম্প্রতির শিক্ষা দেয়। একে অপরের পাশে দাঁড়িয়ে সহযোগিতা ভাতৃত্বের বন্ধনে সবাইকে একত্রিত করার মাধ্যমে গরিব দুঃখী সবার পাশে দাঁড়াতে হবে। এমন মূল বিষয়কে সামনে রেখে আমরা দিনটি উদযাপন করছি।
দিনটি উপলক্ষে চার্চে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের শুভেচ্ছা উপহার কেক কাটা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, এসআই সাহিদ মিয়া, রেভাঃ ফিলিপ সমাদ্দার, চার্চের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শর্মা, এলবাট বিশ্বাস, রলিন শর্মা, ফিলিমন বিশ্বাস, মাইকেল কুমার শর্মা, এডু বিশ্বাস।
আপনার মন্তব্য