হবিগঞ্জ প্রতিনিধি:

২৮ ডিসেম্বর, ২০২২ ২২:০০

দ্বন্দ্বে বিভক্ত হবিগঞ্জের তিন ইউনিটের ছাত্রলীগ, দুটির কার্যক্রম স্থগিত

হবিগঞ্জ ছাত্রলীগের অধীনে তিনটি ইউনিটের নেতাকর্মীর মধ্যে দ্বন্দ্ব-বিভক্তি ব্যাপক আকার ধারণ করেছে। কার্যক্রম স্থগিত করা হয়েছে দুটির।

এরই মধ্যে আবার ঘোষণা করা হয়েছে পাল্টা কমিটিও। যে কারণ নেতাকর্মীর মধ্যে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা।

৫ ডিসেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে নাজিম উদ্দৌলা চৌধুরীকে আহ্বায়ক, সজীব খান, সৈকত আহমেদ ও ইমরান রেজাকে যুগ্ম আহ্বায়ক করে কমিটির অনুমোদন দেওয়া হয়।

অপরদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের দলীয় প্যাডে জাহিদুল ইসলাম রুবেলকে আহ্বায়ক করে আরেকটি কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়িয়ে পড়ে। এরপর থেকেই শুরু হয় পাল্টাপাল্টি কর্মসূচি, সৃষ্টি হয় উত্তেজনা।

গত শুক্রবার উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীর সংঘর্ষ হয়।

এদিকে ২১ ডিসেম্বর আবদুর রব শোভনকে সভাপতি ও ইমান আলীকে সাধারণ সম্পাদক করে বাহুবল উপজেলা এবং রায়হান মিয়াকে সভাপতি ও সোহাগ মিয়াকে সাধারণ সম্পাদক করে আলিফ সোবহান ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। এ নিয়ে অপর আরেকটি গ্রুপের নেতাকর্মীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। যে কারণে কমিটি ঘোষণার পর দিনই জেলা ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন স্বাক্ষরিত এক চিঠিতে ঘোষিত দুটি কমিটির কার্যক্রমে স্থগিতাদেশ দেওয়া হয়।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজিম উদ্দৌলা চৌধুরী বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল বের করলে তাতে জাহিদুল ইসলাম রুবেলের অনুসারীরা হামলার চেষ্টা চালায়।

জেলা ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেন আরিফ বাপ্পী জানান, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ঘোষিত কমিটি বৈধ।

তবে কেন্দ্রীয় সংসদ থেকে কমিটি দেওয়া হয়েছে কিনা জানা নেই।

আপনার মন্তব্য

আলোচিত