১১ জানুয়ারি, ২০২৩ ০২:০১
‘যে ঠান্ডা পড়ছে। রাতে শরীল থরথরাইয়া কাঁপে। সরখারি কম্বল চোখে দেখি না। কেউ আমরারে দেইন না। খালি ভোট আইলে বাড়িত দৌঁড়িয়া আইন। ভোট গেলে গিয়া দেখা মিলে না। টেকার অভাবে নিজে কম্বল কিনতাম পারি না। ই বছর (এ বছর) আইজকে একটা কম্বল পাইলাম। কম্বলটা খুব ভালা। উম (উষ্ণতা) লাগবো। এই কম্বলটা খুউব দরকার আছিল। যেরা আমরার মতো গরিব মাইনষেরে কম্বল দিছে তারার লাগি দোয়া করমু। হেরারে আল্লায় ভালা রাখতা।’
এভাবে কথাগুলো বলছিলেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শেখ রাসেল শিশু পার্কে শীতবস্ত্র (কম্বল) নিতে আসা অসহায় বৃদ্ধা নেহারুন নেছা (৭০)।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজার রেল কলোনীর বাসিন্দা নেহারুন নেছার মতো উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় শতাধিক অসহায় নারী-পুরুষ কম্বল নিতে একত্রিত হয়েছিলেন ওই পার্কে।
এ সময় রিক্সাচালক সামিউল মিয়া, দিনমজুর ইছব্বর আলী, বৃদ্ধ জব্বার মিয়া, অসহায় বৃদ্ধা জমিরুন বেগমসহ আরও কয়েকজনের সঙ্গে কথা হলে কম্বল পেয়ে তারা খুবই খুশি বলে জানান।
‘ইহা মানবতা যা আমাদের আধ্যাত্মিক বানায় এবং আত্মা সেটাই যা আমাদের মানুষ বানায়’ এই স্লোগান নিয়ে জেবি হিলফুল ফুযুল ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান জুবায়ের আহমদ, লেখক ও কবি সুহেনা আক্তার হেনা, সাংবাদিক মামুনুর রশীদ, রুমেল আহসান ও মুহাম্মদ জুয়েল প্রমুখ।
আপনার মন্তব্য