১৫ ফেব্রুয়ারি , ২০২৩ ১৪:৩৩
শেয়ার বাজারের দুরবস্থার জন্য ভ্যাট ও কর ছাড়া অন্য কি কারণ রয়েছে তা খতিয়ে দেখার আহবান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
একইসাথে তিনি জানান, শেয়ার বাজার দরপতনের জন্য বার বার কর ও ভ্যাটকে দায়ী করা হলেও তা পুরোপুরি ঠিক নয়।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সিলেটে ২০২৩ -২৪ অর্থবছরের জাতীয় বাজেট উপলক্ষে প্রাক বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। প্রাক-বাজেট আলোচনা সভার আয়োজন করে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।রি
এছাড়াও কালো টাকা সাদা করার জন্য শেয়ার বাজার মাধ্যম হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে আরও সাবধানতা অবলম্বন করা উচিত বলে মনে করেন আবু হেনা মো. রহমাতুল মুনিম।
প্রাক বাজেট আলোচনায় অংশ নেন, রাজস্ব বোর্ডের কর্মকর্তা ও সিলেট বিভাগের ৪টি চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির ব্যবসায়ীরা।
বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস নীতি) মো. মাসুদ সাদিক, সদস্য (আয়কর নীতি) ড. সাম উদ্দিন আহমেদ ও সদস্য (মূসক নীতি) জাকিয়া সুলতানা। সভায় সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন, সিলেটের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও সুষম বাজেট প্রণয়নে বরাবরই বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড এসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান, সরকারী কর্মকর্তা ও দেশের বুদ্ধিজীবী মহলের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ড বাজেট প্রস্তাব আহবান করে। এই প্রস্তাব ও আলোচনায় উত্থাপিত প্রস্তাবগুলোর ভিত্তিতে বাজেট চূড়ান্ত রূপ লাভ করে। স্মার্ট, স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ গঠনে অভ্যন্তরীণ সম্পদ আহরণের গুরুত্ব অপরিসীম ৷ যেখানে ১৯৭২- ৭৩ অর্থ বছরে আহরিত রাজস্ব ছিল ১৬৬ কোটি টাকা, ২০২২-২৩ অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৩ লাখ ২ হাজার কোটি টাকায়।
এসময় প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ী নেতারা বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন। বিশেষ ভাবে অর্জিত লভ্যাংশের উপর আরোপিত কর হ্রাস করে ১৫% নির্ধারণ করার অনুরোধ। এছাড়া লিস্টেড ও নন লিস্টেড কোম্পানির কর্পোরেট কর ২.৫% হ্রাস করার প্রস্তাব জানান তারা।
আপনার মন্তব্য