সিলেটটুডে ডেস্ক

০৮ নভেম্বর, ২০২৬ ১৮:৩৯

কাবার সামনে দাঁড়িয়ে বিয়ের খবর দিলেন নীহা, পাত্র কে

ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। প্রেমের সম্পর্কে জড়ানোর খবর আগেই জানিয়েছিলেন তিনি। এবার পবিত্র কাবার সামনে ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিলেন এই অভিনেত্রী।

রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি পোস্ট করেন নীহা। ছবিতে দেখা যায়, মসজিদুল হারামে পবিত্র কাবার সামনে এক ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে আছেন তিনি। একজন আরেকজনকে জড়িয়ে ধরেছেন। দুজনের মুখই রয়েছে কাবার দিকে। ছবিটি তোলা হয়েছে পেছন থেকে। অন্য ছবিতে দেখা গেছে, দুজনের হাত একে অপরের হাত ধরে আছে। পেছনে রয়েছে কাবা শরিফ।

ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে নীহা লেখেন, এত দিন যে অধ্যায়টি ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন, এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চান। আল্লাহর দেওয়া সুন্দর বন্ধনে আবদ্ধ হওয়া এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ক্যাপশনের শেষেও নিজেদের বন্ধনের জন্য আল্লাহর রহমত ও বরকত কামনা করেছেন অভিনেত্রী। তার এই বার্তা থেকে বিয়ের বিষয়টি স্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে জীবনসঙ্গীর পরিচয় প্রকাশ করেননি নীহা।

এর আগে জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছিলেন অভিনেত্রী। তখন থেকেই তার প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। গুঞ্জন ছিল, এক পাকিস্তানি যুবকের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। তবে এ বিষয়ে কখনো মুখ খোলেননি নীহা।

কাবার সামনে ছবি প্রকাশের পর ভক্ত ও অনুসারীরা নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকেই জানতে চাইছেন, কে সেই ব্যক্তি, যার সঙ্গে নতুন জীবনের পথে পা বাড়ালেন অভিনেত্রী? তবে পাত্রের নাম ও পরিচয় এখনো অজানা। নীহার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আপনার মন্তব্য

আলোচিত