১৮ ফেব্রুয়ারি , ২০২৩ ২৩:৪১
ফাইল ছবি
দেশের বেসরকারি উড়োজাহাজ সংস্থা এয়ার এ্যাস্ট্রা আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ঢাকা-সিলেট-ঢাকা আকাশপথে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।
প্রতিদিন দুইটি করে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। এ আকাশপথে একবার ভ্রমণে (ওয়ান ওয়ে) সর্বনিম্ন ভাড়া ট্যাক্সসহ নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৫ টাকা।
শনিবার এয়ার এ্যাস্ট্রা জানায়, ঢাকা থেকে সিলেট আকাশপথে প্রতিদিন দুপুর ২টা ১০ মিনিটে এবং রাত ৮টায় ফ্লাইট পরিচালনা করবে তারা। আর সিলেট থেকে বিকেল ৩টায় এবং রাত ৮টা ৫০ মিনিটে চলবে ফ্লাইট।
এ বিষয়ে এয়ার এ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, ‘মাত্র তিন মাসের মধ্যে এয়ার এ্যাস্ট্রার বহরে তৃতীয় এয়ারক্রাফট এটিআর ৭২-৬০০ যুক্ত হয়েছে। ফলে আমরা নতুন গন্তব্যে ফ্লাইট শুরু করতে পারছি।’
গত বছরের ২৪ নভেম্বর চট্টগ্রাম এবং কক্সবাজারে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ার এ্যাস্ট্রা। বর্তমানে সংস্থাটির বহরে তিনটি এটিআর ৭২-৬০০ মডেলের উড়োজাহাজ আছে।
আপনার মন্তব্য