২৫ ফেব্রুয়ারি , ২০২৩ ২১:৩৮
সুনামগঞ্জের ছাতকে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে শনিবার রেলওয়ে মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী মেলায় খামারে পালিত পশু-পাখি নিয়ে আসেন খামারিরা।
দুপুরে মেলার স্টল পরিদর্শন শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, দেশের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করছে সরকার। খামারি ও নতুন-নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারের পক্ষ থেকে উৎসাহ ও সহযোগিতা করা হচ্ছে। মানুষের আমিষ ও পুষ্টির চাহিদা পূরণ করতে খামারিরা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ভেটেরিনারি সার্জন ইমাম আল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইব্রাহিম মিয়া।
সভা শেষে মেলায় প্রদর্শিত গরু, ছাগল ও পাখি ক্যাটাগরিতে ৯ জন খামারিকে পুরস্কৃত করা হয়।
আপনার মন্তব্য