২৬ ফেব্রুয়ারি , ২০২৩ ১৭:২৭
“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজার জেলার জুড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত "প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা" সকাল ১১ টায় উপজেলার হরিরামপুর রেলওয়ে স্টেশন চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে মেলায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, জুড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রমা পদ দে, ভেটেরিনারি সার্জন ডা. মৃদুল কান্তি দে, উদ্যোক্তা ও সমাজসেবক হাবিবুর রহমান হাবিব, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম সুমন, উদ্যোক্তা ও সাংবাদিক হারিস মোহাম্মদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে বলেন, প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, নতুন-নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদের গুরুত্ব আরোপ করে আজ দেশব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৩ অনুষ্ঠিত হচ্ছে। প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশকে এগিয়ে নেয়া সম্ভব এবং একটি স্মার্ট বাংলাদেশ তৈরী করতে এটি ব্যাপক ভূমিকা রাখবে বলেও তিনি মনে করেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেন, বাংলাদেশ ডিম ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কিন্তু দুধ উৎপাদনে আমরা এখনো পিছিয়ে আছি। যেসব এলাকায় দুধ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নেই সেখানে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা হবে। খামারিরা যাতে প্রক্রিয়াজাত কেন্দ্রের মাধ্যমে দুধের ন্যায্য মূল্য পান।
তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে মুরগি এবং গবাদি পশুর খাদ্যের দাম বেড়েছে। শুধু বাংলাদেশ নয় বিশ্বের সব দেশে জিনিসপত্রের দাম বেড়েছে। করোনাকালীন সময়ে ডেইরি ও পোল্ট্রি খামারীদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রায় ৮০০ কোটি টাকা ভর্তুকি দেয়া হয়েছে। এক ইঞ্চি মাটিও খালি রাখা যাবে না। পণ্য আমদানির উপর নির্ভরতা কমিয়ে আনতে হলে আমাদেরকে ক্ষেতে খামারে উৎপাদন বাড়াতে হবে। মন্ত্রী খামারিদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার জন্য প্রাণিসম্পদ দপ্তরকে নির্দেশ দেন।
এই প্রদর্শনীতে ৩৫ টি স্টল অংশগ্রহণ করে। স্টলগুলোতে বিভিন্ন উন্নত প্রজাতির গাভী, ষাঁড়, নানা প্রজাতির পাখি, ছাগল, ভেড়া, হাঁস মুরগিসহ বিভিন্ন এনজিও এবং ঔষধ কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করেন। এই প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের মধ্যে সার্টিফিকেট, পুরস্কার ও অনুদানের চেক বিতরণ করা হয়।
আপনার মন্তব্য