রুমেল আহসান, ফেঞ্চুগঞ্জ

০১ মার্চ, ২০২৩ ২২:৫৭

নৌকা প্রতীকে মামা ও জামায়াত সমর্থক ভাগনের ভোটের লড়াই

ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মামা ও ভাগনে। এ নিয়ে ওই ইউনিয়নবাসীর মধ্যে চলছে নানান জল্পনা-কল্পনা।

ঘিলাছড়ায় নৌকা মার্কা পদে প্রার্থী হয়েছেন সাইফুল ইসলাম। অপরদিকে তার বোনের ছেলে মো. রুকুনুজ্জামান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৬ মার্চ এ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে।

ঘিলাছড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। দীর্ঘদিন ধরে এলাকায় গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত রয়েছেন সাইফুল। সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের আস্থাভাজন সাইফুল ইসলাম এলাকায় বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত রয়েছেন। উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিতে ভোটারদের কাছে 'নৌকা' মার্কায় ভোট চাচ্ছেন তিনি।

এদিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. রুকুনুজ্জামান চৌধুরী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের পাশে থেকে কাজ করছেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে তিনি জড়িত। তিনি জামায়াতের সমর্থন নিয়ে এবারের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বলে গুঞ্জন রয়েছে।

এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও পাঁচ প্রার্থী।

আপনার মন্তব্য

আলোচিত