০১ জানুয়ারি, ২০১৬ ০১:০৬
সিলেটের কানাইঘাট পৌরসভায় পুনঃনির্বাচন দাবি করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লুৎফুর রহমান। তিনটি কেন্দ্রে কারচুপির অভিযোগ এনে এসব কেন্দ্রে পুনঃনির্বাচন দাবি করেন। পৌরসভার রিটার্নিং কর্মকর্তার কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগও করেছেন লুৎফুর।
বুধবার অনুষ্ঠিত এ পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নিজাম আল মিজানের কাছে পরাজিত লুৎফুর রহমান।
রিটার্নিং কর্মকর্তা খালেদুর রহমানের কাছে দেওয়া লিখিত অভিযোগে লুৎফুর রহমান অভিযোগ করেন, পৌরসভার রামপুর, দুর্লভপুর ও ফাটাহিজর কেন্দ্রে জালভোট দেওয়াসহ কারচুপি করা হয়েছে। এ বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয় নি।
তিনি আরো উল্লেখ করেন, কেবল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নন, আমাকে পরাজিত করার জন্য জামায়াত-বিএনপির প্রার্থীরও একত্র হয়ে কাজ করেছেন। এ তিনটি কেন্দ্রে সুষ্ট নির্বাচন হলে তাঁর বিজয় নিশ্চিত বলেও দাবি করেন লুৎফুর।
তাঁর অভিযোগ আমলে না নিলে পুনঃনির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের আপীল বিভাগে আপীল করবেন বলেও জানান লুৎফুর।
কানাইঘাটের রিটার্নিং কর্মকর্তা এই অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।
আপনার মন্তব্য