সিলেটটুডে ওয়েব ডেস্ক

০১ জানুয়ারি, ২০১৬ ০২:১১

সব পরাজয় পতনের ঘণ্টা বাজায়না, কিছু কিছু পরাজয় সৃষ্টির বাদ্য বাজায়: পাপলু

গোলাপগঞ্জ পৌরসভার সদ্য সাবেক হওয়া মেয়র জাকারিয়া আহমদ পাপলু নির্বাচনে পরাজয়ের একদিন পর ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

নতুন বছরের প্রথম প্রহরে পোষ্ট করা স্ট্যটাসে পাপলু নির্বাচন ও পরবর্তী পরিস্থিতির বয়ান করেছেন। সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের উদ্দেশ্যে পাপলুর স্ট্যাটাসটি তোলে দেয়া হল:

"গোলাপগঞ্জ পৌরসভার সম্মানিত ভোটারদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমাকে যারা বিজয়ী করার লক্ষে দেশ-বিদেশ হতে যার যার অবস্থান থেকে দীর্ঘদিন কাজ করে সমর্থন দিয়ে গেছেন এবং ৩০ ডিসেম্বর যারা আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়েছেন তাঁদের প্রতি আমি আমার দল বাংলাদেশ আওয়ামীলীগ ও আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

আমি বিশ্বাস করি আল্লাহ তায়ালা যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। আর আমি এ ও বিশ্বাস করি, "সব পরাজয় পতনের ঘণ্টা বাজায়না, কিছু কিছু পরাজয় সৃষ্টির বাদ্য বাজায়।" আমি এবারে বিজয়ী হতে পারিনি তাই বলে আপনারা একদম ভেঙ্গে পড়বেন না, নিজেকে পরাজিত ভাববেন না, হতাশাগ্রস্ত ও হবেন না। নির্বাচনে জয় পরাজয় থাকবেই। আমি ক্ষমতায় থাকাকালীন সময়ে কখনো আমার প্রতিপক্ষের সাথে কোন সহিংস আচরণ করিনি, তাদের প্রত্যেকটি নোংরামি আচরণকে ধর্য্যের সাথে মোকাবেলা করেছি।

বিজয়ের সানাই বাজতে না বাজতে আমার কর্মী সমর্থকদের প্রতি বিজয়ী প্রার্থী ও তার অতি উৎসাহী সমর্থকরা যেরকম আগ্রাসী আচরণ শুরু করেছেন তা যাতে আপনারা ধর্য্যের সাথে মোকাবেলা করেন সেই অনুরোধ থাকবে।  কারণ ধর্য্যের ফল সব সময় সুমিষ্ট হয়। আপনারা আপনাদের রাগ সংবরণ করে নিজ নিজ কাজে মনোযোগী হবেন এই আশাবাদ রাখছি। আমি আপনাদের ভালবাসার পাত্র হয়ে আপনাদের মাঝেই থাকব, আপনাদের সমর্থন ও দিকনির্দেশনা নিয়েই আগামী দিনের প্রস্তুতি নিব।

বিগত প্রয় ১৪ বছর আমি আমার জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলাম, আজ ও আগামীদিনেও আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। মেয়র একটা পদ আর জনসেবা একটি কর্ম। মেয়রের পদে না থাকলেও আমি অতীতের মতো আগামীদিনেও জনসেবায় নিজেকে নিয়োজিত রাখব। যারা বিভিন্ন কারণে আমাকে ভূল বুঝেছেন, আশা করি আপনাদের ভূল ভাঙবে। কাল সন্ধ্যা রাত  থেকে আজ অবধি আমি একটা মূহুর্তও একা থাকার সুযোগ পাইনি, সরাটি দিন বিভিন্ন এলাকার সম্মানিত মুরব্বীয়ান, যুবক ভাই, মা- বোন ও বিভিন্ন জায়গার আমার শুভাকাঙ্কিরা তাদের চোখের জলে আমায় যেভাবে আলিঙ্গন করছেন তাতে আমার বিজয়ী না হওয়ার কষ্ট অনেক কমে গেছে।

অনেকে আমায় ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে সাপোর্ট দিয়েছেন, অনেকে ফেসবুক ও অন্যান্য যোগাযোগ মাধ্যমে আমায় সাপোর্ট দিয়েছেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আপনাদের ভালবাসা আর চোখের জলে আজও আমায় ঋণী  করেছেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সার্বঙ্গিন সফলতা ও সুস্বাস্থ্য কামনা করছি।

আমাকে সবসময় আপনাদের আপনজন হিসেবে কাছে পাবেন। ধন্যবাদ সবাইকে, সেই সাথে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শুভ হোক আগামীর পথচলা।"

 

গত ৩০ ডিসেম্বর (বুধবার)  গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল জব্বার নির্বাচিত হন। আর জাকারিয়া আহমদ পাপলু হয়েছেন চতুর্থ।

মোট ৯টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত সবগুলো কেন্দ্রে তিনি মোবাইল ফোন প্রতীক নিয়ে পান ৪৫৮২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান লিপন নারকেল গাছ নিয়ে পান ৩২০৮ ভোট।


আপনার মন্তব্য

আলোচিত