শ্রীমঙ্গল প্রতিনিধি:

১৫ জুন, ২০২৩ ১৮:৩৩

আওয়ামী লীগের সম্মেলনে অতিথির আসনে পুলিশ পরিদর্শক

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিন্দুরখান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে মঞ্চে বসা শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) এ কে এম ফজলুল হক।

রাজনৈতিক দলের সম্মেলনে অতিথির আসনে পুলিশ পরিদর্শকের উপস্থিতি নিয়ে এলাকাবাসী নানা সমালোচনা করছেন।

গতকাল বুধবার সন্ধ্যার পর ওয়ার্ড শাখার ত্রিবার্ষিক এই সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

দলীয় প্রোগ্রামে পুলিশ পরিদর্শকের উপস্থিত নিয়ে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) এ কে এম ফজলুল হক জানান, সন্ধ্যার পর অনুষ্ঠান ছিল, সেখানে এমপি স্যার ছিলেন, তবে সেটা কোনো দলীয় প্রোগ্রাম ছিল না।

এ সময় সম্মেলনে তার উপস্থিতির ছবি প্রতিবেদকের কাছে আছে জানালে পুলিশ পরিদর্শক বলেন, ‘আমি প্রথমে ছিলাম, পরে চলে আসি।’

এ বিষয়ে শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল হক মুনশি বলেন, ‘কাল সারা দিন ডিপার্টমেন্টের কাজে ব্যস্ত ছিলাম। বিষয়টি সম্পর্কে জানি না, আমি খোঁজ নিচ্ছি। বিস্তারিত জেনে এ বিষয়ে বলতে পারব।’

উল্লেখ্য, ওয়ার্ড আওয়ামী লীগের এই সম্মেলনে আঙুল হক সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক জনাব ছালিক আহমেদ, সিন্দুরখান ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আছকির মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত