০৯ নভেম্বর, ২০২৬ ১৩:০৫
চিত্রনায়িকা পরীমনি মধ্যরাতে ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, তিনি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন। ঘটনাটিকে তিনি খুবই পরিকল্পিত বলে মনে করছেন।
রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে পরীমনি ফেসবুক লাইভে আসেন।
পরীমনি অভিযোগ করে বলেন, রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে হঠাৎ করে কেউ একজন আওয়াজ করেন। আওয়াজ দেওয়া ব্যক্তি ছিলেন ‘অ্যাটাকিং মুডে’। তাঁর গাড়িতে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। তিনি গাড়িতে উঠতে পারছেন না। অনুষ্ঠানস্থলের ‘ব্যাকস্টেজে’ বসে আছেন তিনি।
পরীমনি বলেন, তিনি গুলশান থানায় ফোন করতে বাধ্য হয়েছেন। ঘটনাস্থলে গুলশান থানার লোকজন আছেন।
লাইভে নিরাপত্তাহীনতার কথা বলেন পরীমনি। অনুষ্ঠানের স্টল ভাঙচুরের অভিযোগ করেন তিনি। অন্য শিল্পীরা হেনস্তার শিকার হন বলেও তিনি অভিযোগ করেন।
ঘটনার জন্য পরীমনি তাঁদের দায়ী করেন, যাঁরা ‘ইয়োলো জার্নালিজম’ করেন, যাঁরা ‘জার্নালিজম’-এর নাম নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেন।
পরীমনি বলেন, যদি তাঁর সঙ্গে কারও ক্ষোভ থাকে, তাহলে তাঁর সঙ্গে বসুক, তাঁর সঙ্গে বোঝাপড়া করুক।
পরীমনি বলেন, ‘আমি থানায় ফোন করতে বাধ্য হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে, গাড়িতে উঠতে পারছিলাম না। ব্যাকস্টেজে বসে আছি, রাত একটার সময়। তারা কারা জানেন? ইয়োলো জার্নালিজম করে, সাংবাদিকতার নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে। এখানে স্টলগুলো ভাঙচুর করেছে। এসবের দায়িত্ব কে নেবে? যাদের ক্ষতি হয়েছে, যেসব আর্টিস্ট হেনস্তার শিকার হলেন, তাদের ক্ষতির দায় কে নেবে?’
ফেসবুক লাইভে এই নায়িকা আরও বলেন, ‘গুলশান থানা পুলিশ এখানে থাকার পরও তারা আমাকে বের করতে পারতেছিলো না, অতিরিক্ত পুলিশ তারা কল করে। তাহলে দেশটা কার হাতে।’
ঘটনার জন্য দায়ীদের সমালোচনা করে পরীমনি বলেন, তাদের বিরুদ্ধে ‘ইয়েলো জার্নালিজম’ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘কোথায় এই দেশের নিরাপত্তা। আমি তাহলে ঘোমটা পরেই থাকি, এই করবো।’
স্টল ভাঙচুরের অভিযোগ করে তিনি বলেন, ‘এসব ভাঙচুরের দায়িত্ব কে নেবে। এ দেশের রাষ্ট্র নেবে? অনেক আর্টিস্ট আছে তারা যে হেনস্তা হলো এটার দায়িত্ব কে নেবে? আমার সঙ্গে যদি কোনো ক্ষোভ থেকে থাকে তাহলে আমার সঙ্গে বসুক আমার সঙ্গে বুঝুক।’
পরে আরও কয়েকটি ফেসবুক লাইভ করেন পরীমনি। একটি লাইভে তাঁকে সাদা রঙের গাড়িতে উঠতে দেখা যায়। তিনি তাঁর সন্তানকে তাড়াতাড়ি গাড়িতে নিয়ে আসতে বলেন। একপর্যায়ে গাড়িটি ঘটনাস্থল থেকে চলে যায়। লাইভ ভিডিওতে ঘটনাস্থলে পুলিশ দেখা যায়।
এ বিষয়ে গুলশান থানার ওসি জায়েদ নূর গণমাধ্যমকে বলেন, ‘একটা সমস্যা হয়েছিল। পরীমনি চলে গেছেন। আর কোনো ঝামেলা হয়নি।’
পরীমনির গাড়ি বা অনুষ্ঠানের স্টল ভাঙচুরের বিষয়ে ওসি বলেন, ‘ভাঙচুরের কোনো ঘটনা তা জানা নেই। পরীমনি সুস্থভাবে ফিরে গেছেন।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় গত বৃহস্পতিবার ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সেদিন গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় পরীমনির ছবি-ভিডিও ধারণ করতে চাইলে তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়। এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। পরে পরীমনি অভিযোগ করেন, এই রিপোর্টার তাঁকে স্পর্শ করেছেন।
পরীমনির অভিযোগ অস্বীকার করেন সমকালের রিপোর্টার রবিউল। তিনি বলেন, পরীমনি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। সবকিছুই ভিডিওতে দেখা গেছে।
৫ নভেম্বরের এ ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে পরীমনির বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। পরীমনিকে সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে অনুরোধ জানানো হয়েছে আইনি নোটিশে।
পরীমনিসহ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। তিনি বলেন, রেজিস্ট্রি ডাকযোগে রোববার সকালে পরীমনিসহ তিনজনের বরাবর নোটিশ পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য