১১ জানুয়ারি, ২০১৬ ১৯:১৫
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের বড়ছড়া এলাকায় বিসিআইসি কোম্পানী ভাঙ্গারঘাট কোয়ারীতে অবৈধভাবে চুনাপাথর উত্তোলনের সময় মাটি চাপা পড়ে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন তার মেয়ে।
নিহতের নাম লালজান বেগম(৪৫)। তিনি উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাচড়া গ্রামের আব্দুল ছোবাহানের স্ত্রী এবং তার মেয়ে আহত মরিয়ম বেগম(২)। সোমবার বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘ ৮/৯ মাস ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বিসিআইসি কোম্পানির বড়ছড়া টেকেরঘাট এলাকার ভাঙ্গেরঘাট সীমান্ত থেকে প্রতিদিন গড়ে কয়েকশ টন চুনাপাথর চোরাই পথে ভারত থেকে বাংলাদেশে এনে বিক্রি করছে একটি চক্র। এ ভাঙ্গেরঘাট এলাকায় প্রতিদিন গড়ে একশ হতে ১২০টি ট্রলি চলাচল করে। এই অবৈধভাবে চুনাপাথর উত্তোলন করতে গিয়েই মাটি চাপা পড়ে এই মহিলা শ্রমিক নিহত হন বলে স্থানীয়দের অভিযোগ।
তাহিরপুর থানার ওসি মোঃ শহীদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কারো কোন অভিযোগ না থাকায় নারীর লাশ তার পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য