সিলেটটুডে ডেস্ক

২৭ অক্টোবর, ২০২৬ ১৬:১৩

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হচ্ছে না

প্রতীকী ছবি

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। 

ফল প্রকাশের পূর্বনির্ধারিত তারিখ ছিল ২৯ অক্টোবর।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান কালবেলাকে বলেন, পরীক্ষার ফল প্রকাশের তারিখ পিছিয়েছে। ৩১ অক্টোবর সকাল ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

এ বছর ২ জুলাই সারাদেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে আরও সময় লাগে।

এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।

উল্লেখ্য, এ বছর পরীক্ষার জন্য মোট কেন্দ্রের সংখ্যা দুই হাজার ৬৯৭টি এবং অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।

আপনার মন্তব্য

আলোচিত