১১ জানুয়ারি, ২০১৬ ২২:৪৫
জগন্নাথপুরে চায়ের দোকানে ভিডিও ব্যবসা ও গাফলা খেলা জমজমাটভাবে চলছে। এতে বিপথগামী হচ্ছে তরুণ সমাজ। ব্যাহত হচ্ছে কোমলমতি ছাত্রদের লেখাপড়া। বাড়ছে চুরি-ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড। এ নিয়ে অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানাগেছে, জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর সদর বাজার এলাকার হেলিপ্যাড, রাণীগঞ্জ রোড, হবিবনগর, চিলাউড়া পয়েন্ট, পশ্চিম বাজার, টেম্পু স্ট্যান্ড, সিলেটি বাস স্ট্যান্ড, সুনামগঞ্জি বাস স্ট্যান্ড, হাসপাতাল পয়েন্ট, কেশবপুর বাজার, ভবেরবাজার, উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজার, পাটলি ইউনিয়নের রসুলগঞ্জ বাজার, মিরপুর ইউনিয়নের মিরপুর বাজার, কেউনবাড়ি বাজার, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজার, রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ বাজার, শিবগঞ্জ বাজার, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজার, আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর বাজার, ধাওরাই বাজার, পাইলগাঁও ইউনিয়নের স্বাধীন বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারের বিভিন্ন ছোট ছোট চায়ের দোকানে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিযোগিতা মূলকভাবে ভিডিও দেখানো হয়।
এর মধ্যে অনেক দোকানে অশ্লীল ছবি দেখানো হয়ে থাকে। আবার অনেক দোকানে ভিডিও দেখানোর পাশাপাশি গাফলা খেলা চলে। এসব দোকানে টাকার বিনিময়ে ও চা-পান খাওয়া নিয়ে বাজি ধরে গাফলা খেলা হয়ে থাকে। উঠতি বয়সী তরুণরা ভিডিও দেখা ও গাফলা খেলার টাকা সংগ্রহ করতে গিয়ে প্রথমে মা-বাবাসহ পরিবারের লোকজনের পকেট থেকে টাকা চুরি করে থাকে। অনেক সময় বাড়িতে টাকা না পেলে তারা চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এর মধ্যে এসব ভিডিও দোকানের মধ্যে অনেক দোকানে ভিডিও ব্যবসার অন্তরালে মাদক ব্যবসাও চলে। এসব দোকান মাদকসেবিদের নিরাপদ আস্তানা হিসেবে গড়ে উঠেছে। যে কারণে তরুণ সমাজ বিপথগামী হয়ে পড়ছে। এছাড়া স্কুল ও কলেজের কোমলমতি ছাত্ররা স্কুল ফাঁকি দিয়ে ভিডিও দেখতে বসে যায়। এতে তাদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।
স্থানীয় ভূক্তভোগী অভিভাবক ও সচেতন মহলের অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব চায়ের দোকানের অন্তরালে মাদক ব্যবসা ও টাকার বিনিময়ে চলে গাফলা খেলা। এসবের টাকা জোগার করতে গিয়ে তরুণ ও শিশুরা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। স্কুল ফাঁকি দিয়ে ভিডিও দেখতে গিয়ে অবুঝ কোমলমতি ছাত্রদের লেখাপাড়া ব্যাহত হচ্ছে। তাই এসব চায়ের দোকানগুলোতে অবৈধ ভিডিও ব্যবসা ও গাফলা খেলা বন্ধ করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরসালিন জানান, এসব চায়ের দোকানের ভিডিও ব্যবসার অন্তরালে গাফলা খেলা ও মাদক ব্যবসা বন্ধে অভিযান চালিয়ে ব্যবস্থা নেয়া হবে। তবে যে কোন অপরাধে যে কাউকে গ্রেফতার করা হলে তাদেরকে থানা থেকে ছাড়িয়ে নিতে কোন মহলের কেউ কোন প্রকার অনুরোধ না করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
আপনার মন্তব্য