নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০১৬ ২৩:১১

‘প্রকল্পবাজদের হাতে কতলের হুমকিতে রাতারগুল’

'সারাদেশের একমাত্র বন আর জলের মিতালি নৈশব্দ সৌন্দর্যের রাতারগুল আজ প্রকল্পবাজদের হাতে কতলের হুমকিতে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে অবস্থিত রাতারগুল জলারবন সিলেটের 'সুন্দরবন' নামে খ্যাত ১৯৭৩ সন থেকে সংরক্ষিত সম্পদ। কিন্তু হালে বনবিভাগের কর্মকর্তাগণ প্রাকৃতিক সৌন্দর্যের এই জাদুকরী হৃদয় উষ্ণ করা এলাকাতে ইট, পাথর আর টাওয়ারের প্রাণহীন জড়বস্তুতে পরিণত করতে ব্যস্ত। নগর মহানগরের মানুষেরা যেখানে কবিগুরুর 'অরণ্যে' ফিরে যেতে উদগ্রীব সেখানে এই রাতারগুলের নৈসর্গিক আদি নয়নাভিরাম মহামূল্যবান সম্পদকে রক্ষা করা অতীব জরুরী হয়ে পড়েছে।'

এমনটি বলেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

বৃহস্পতিবার সকালে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত 'দ্রুত অগ্রগতির সোপানে বাংলাদেশ: সিলেটের ভূমিকা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধে রাতারগুল নিয়ে এমন কথা বলেন ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

মূল প্রবন্ধে সিলেটে পর্যটন শিল্পের সম্ভাবনার কথা উল্লেখ করে ফরাসউদ্দিন উল্লেখ করেন, সিলেটে পর্যটন শিল্পের প্রসার সম্ভাবনা গগনচুম্বী। এক্ষেত্রে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো সুরক্ষার দাবি জানান ফরাসউদ্দিন।

ফরাসউদ্দিন বলেন, ২০১৬ সালকে সরকার পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছে। এ ক্ষেত্রে সিলেট অঞ্চলের বিপুল সম্ভাবনাকে বিকশিত করা জরুরী।

সিলেট চেম্বার মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল প্রমুখ।

 

আপনার মন্তব্য

আলোচিত