১৫ জানুয়ারি, ২০১৬ ০১:১৭
হবিগঞ্জের চুনারুঘাটে চা শ্রমিকদের ব্যবহৃত কৃষিজমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রতিবাদে নগরীতে সংহতি সমাবেশ করেছে সাংস্কৃতিক ইউনিয়ন, সিলেট। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে চুনারুঘাটের চানপুর চা বাগানের আন্দোলনরত শ্রমিকদের প্রতি সংহতি প্রকাশ করেন। একইসঙ্গে চা শ্রমিকদের ধানী জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন না করে অন্য কোনো পতিত জমিতে স্থাপনের দাবি জানান। অর্থনৈতিক অঞ্চল স্থাপনের নামে কৃষি ও চা বাগানের জমি ধ্বংসেরও সমালোচনা করেন সংহতি সমাবেশের বক্তারা।
দীপঙ্কর দাশগুপ্তের সঞ্চালনায় সংহতি সমাবেশে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ বাদল কর, সিপিবি সিলেটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, গণজাগরণ মঞ্চ, সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, ছাত্র ইউনিয়ন, সিলেটের সভাপতি সহিদুজ্জামান পাপলু প্রমুখ।
সংহতি সমাবেশে উদীচী সিলেট, নগরনাট ও সাংস্কৃতিক ইউনিয়ন সিলেট প্রতিবাদী গান ও নাটক পরিবেশন করে।
আপনার মন্তব্য