১৫ জানুয়ারি, ২০১৬ ১৭:০১
সিলেটের বিশ্বনাথে আ’লীগ সহ-সভাপতির পর এবার যুবলীগ সম্পাদকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার ভোর ৩টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়ন দৌলতপুর গ্রামের রাসেল আহমদের বাড়িতে ডাকাতির এ ঘটনাটি ঘটে।
ডাকাতদল কলাপসিপল গেইট ও দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। ১৫/১৬ জনের ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৫হাজার টাকা, ২৫ ভরি স্বর্নালংকার, ৫টি মোবাইল ফোনসহ প্রায় ১১লাখ টাকার মালপত্র লুটে নেয়।
খবর পেয়ে থানার অফিসার্স ইনচার্জ আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এরআগে, গত ১২ জানুয়ারি মঙ্গলবার ভোররাত ৩টায় দেওকলস ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মাষ্টার আলী আফসর চৌধুরীর বাড়িতে ডাকাতি হয়। এতে নগদ ৯০হাজার টাকা, ২৮ ভরি স্বর্নালংকারসহ প্রায় সাড়ে ১২ লাখ টাকার মালপত্র লুটে নেয় ডাকাত দল। ২৪ঘন্টার মাথায় ১৩ জানুয়ারি বুধবার ভোর রাতে ছনখাড়ি গাঁওয়ের ফয়জুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনায় প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট হয়। এবার ৪৮ঘন্টার মাথায় ইউনিয়ন যুবলীগ সম্পাদকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
এছাড়া গত ৪ জানুয়ারি সোমবার ভোররাতে একইভাবে লালারগাঁওয়ের প্রবাসী মফিজ আলীর বাড়িতে ডাকাতি হয় এবং ৫লাখ টাকার মালাপত্র লুট হয়।
ঘনঘন ডাকাতির প্রসঙ্গে কথা হলে থানার ওসি আব্দুল হাই সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসকল ঘটনা এবং ডাকাতির বিষয়ে এখনও কোন মামলা না দেওয়ায় তারাও (পুলিশ) উদ্বিগ্ন রয়েছেন।
তিনি বলেন, ক্ষতিগ্রস্থরা মামলা না দিলে পুলিশ কোন পথে আগাবে? তারপরও ডাকাতির ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে তিনি (ওসি) জানিয়েছেন।
আপনার মন্তব্য