বিশ্বনাথ প্রতিনিধি

১৬ জানুয়ারি, ২০১৬ ০১:২০

বিশ্বনাথের ছহিফাগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড, ১০ লাখ টাকার ক্ষতি

সিলেটের বিশ্বনাথে উপজেলার ছহিফাগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে ওই বাজারের আজাদ ভেরাইটিজ ষ্টোর এন্ড বিজঘরে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে মুহুর্তের মধ্যেই দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আলমপুর ফায়ার ব্রিগেডের ৩টি ইউনিট আসলেও যোগাযোগ ব্যবস্থা না থাকায় মাত্র একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে সক্ষম হন। ফায়ার ব্রিগেডের কর্মীরা প্রায় ঘন্টাব্যাপী চেষ্ঠা চালনোর পর অবশেষে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু এর আগেই দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে রাত ১১টায় বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হক ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে দোকান মালিক আজাদুর রহমান আজাদ ২৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে দাবি করেন।

তবে অলমপুর ফায়ার ব্রিগেডের স্টেশন মাস্টার মো: রাসেদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ক্ষতির পরিমান ৮ থেকে ১০ লাখ টাকা হতে পারে বলে ধারণা করছেন তারা।

আপনার মন্তব্য

আলোচিত