নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি, ২০১৬ ১৬:২১

‘গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্ত বাতিল না করলে গণপ্রতিরাধ’

সিলেটে গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্তকে বেআইনী ও জনস্বার্থবিরোধী বলে আখ্যায়িত করেছে ‘গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেট’।

অসৎ ব্যবসায়ীক উদ্দেশ্য চরিতার্থ করতেই জালালাবাদ গ্যাস কৃর্তপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করে প্রতিরোধ আন্দোলন কমিটির নেতারা। লুটেরা সিন্ডিকেটের এই অপরাধযজ্ঞ কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না বলেও জানান তারা।

মঙ্গলবার দুপুরে সিলেট নজরুল একাডেমিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলনের নেতারা এসব কথা বলেন।

সিলেটে আবাসিক/অনাবাসিক গ্যাস সংযোগ বন্ধের প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার মতবিনিময় করেন তারা। গত বছরের ২ নভেম্বর পেট্রোবাংলার নির্দেশে সিলেটে গ্যাস সংযোগ প্রদান বন্ধ করে দেয় জালালাবাদ গ্যাস ট্রান্সমিউশন এন্ড ড্রিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।

মতবিনিময়কালে প্রতিরোধ আন্দোলনের যুগ্ন আহ্বায়ব আবু জাফর লিখিত বক্তব্যে বলেন, ১৯৭৮ সাল থেকে সিলেট অঞ্চলে গ্যাস সরবরাহ করে আসছে দেশের একমাত্র লাভজনক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস। এই দীর্ঘ ৩৭ বছরে সিলেট বিভাগে আবাসিক গ্যাস ব্যবহারকারী গ্রাহক সংখ্যা মাত্র ৭০ হাজার। সিলেটের বিভিন্ন গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ২২শ’ মিলিয়ন ঘনফুট গ্যাস ন্যাশনাল গ্রীডে যুক্ত হচ্ছে। সিলেটে গ্যাস ব্যবহারকারী গ্রাহকদের অনুমোদিত লোডের উপর ভিত্তি করে দৈনিক বরাদ্ধ রয়েছে ৩২১ মিলিযন ঘনফুট গ্যাস। যার মধ্যে প্রতিদিন বাণিজ্যিক ও আবাসিক মিলিয়ে ব্যবহৃত হচ্ছে ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস। এ ক্ষেত্রে আবাসিকখাতে মাত্র ৭ ভাগ গ্যাস ব্যবহার হচ্ছে। বরাদ্ধকৃত গ্যাসের মধ্যে প্রতিদিন সিলেটবাসীর পাওনা থেকে যায় ৭১ মিলিয়ন ঘনফুট গ্যাস।

মতবিনিময়কালে নেতৃবৃন্দ অবিলম্বে গ্যাস সংযোগ চালু করার সকল কার্যক্রম চালু করার দাবি জানান। নতুবা এই গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।

এসময় গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেটের আহ্বায়ক ধীরেন সিংহসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত