হবিগঞ্জ প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০১৬ ১৭:০৬

হবিগঞ্জে সাংবাদিকের উপর ভূমিদস্যুদের হামলা, আটক ৪

হবিগঞ্জে দেশ টিভি’র জেলা প্রতিনিধি সাংবাদিক শ্রীকান্ত গোপের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল দুবৃত্ত। এসময় তার সাথে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দৃর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ভূমিদস্যু আব্দুর রউফ ও চিত্তরঞ্জনের নেতৃত্বে একদল লোক শহরতলীর নারায়নপুর গ্রামে একটি জমি দখল করতে গেলে স্থানীয় লোকজন বাধা দেয়। এনিয়ে গ্রামবাসীর সাথে ভূমিদস্যুদের সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। সাংবাদিক শ্রীকান্ত আহতদের ছবি তুলতে হাসপাতালে গেলে ভূমিদস্যুর লোকজন তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এসময় তার সাথে থাকা ক্যামেরা, মোবাইল ও টাকা লুট করে নিয়ে যায় দুবৃত্তরা।

এদিকে সাংবাদিক শ্রীকান্তের উপর সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে হবিগঞ্জ প্রেসক্লাবে তাৎক্ষনিক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শোয়েব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পরিচালানায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট আমির হোসেন, সাবেক সভাপতি এডভোকেট রুহুল হাসান শরিফ, সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, মিলন রশিদ, হাফিজুর রহমান নিয়ন, প্রদীপ দাশ সাগর, শাহ ফখরুজ্জামান, শওকত চৌধুরী, ফরহাদ চৌধুরী, শরীফ চৌধুরী, শাকিল চৌধুরী, আব্দুর রউফ সেলিম, সুরুজ আলীসহ হবিগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা সাংবাদিক শ্রীকান্ত গোপের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। সভায় হামলার মূল হোতা আব্দুর রউফসহ সকল দুর্বৃত্তদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানানো হয়। পাশাপাশি ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সাংবাদিক শ্রীকান্ত ও তার ভাই চ্যানেল-৯ এর প্রতিনিধি সুকান্ত গোপকে যাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানী না করা হয় তার জন্য প্রশাসনকে আহবান জানানো হয়।

এদিকে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল মনতোষ গোপ, নিরঞ্জন গোপ, চিত্তরঞ্জন গোপ ও মহিতোষ গোপ।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। অন্যান্যদের আটক করছে অভিযান অব্যাহত আছে।

সাংবাদিক শ্রীকান্ত গোপ জানান, আব্দুর রউফ ও তার সঙ্গীরা নিজেদের অপকর্ম ঢাকতে তার উপর হামলা চালিয়েছে। তিনি এ ব্যাপারে মামলা করবেন বলে জানান।

আপনার মন্তব্য

আলোচিত