নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৪ ১৯:১৯

সিলেটে কোটা আন্দোলনকারীদের ছাত্রলীগ-যুবলীগের ধাওয়া

কোটা সংস্কার আন্দোলনের পক্ষ-বিপক্ষের মধ্যে সারাদেশের চলমান উত্তেজনা-সংঘর্ষের প্রভাব পড়েছে সিলেটেও। সরকার দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ধাওয়া খেয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এই ঘটনার পরপর দুই দফা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে সিলেট জেলা ও মহাগর আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের ধাওয়া খেয়ে তারা রাজপথ ছাড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির অবস্থান কর্মসূচি ছিল সিলেটের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে।

মঙ্গলবার দুপুরের পর তাদের কর্মসূচি শুরু হয়। অবস্থান কর্মসূচি চলাকালে জানা যায়, সিলেট মহানগরের কামরান চত্বরে সমাবেশ করছে কোটাবিরোধী আন্দোলনকারীরা।

এদিন বিকেল পৌনে ৪টার দিকে সিলেট জেলা ও মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ শহিদ মিনার ছেড়ে রাজপথে নেমে আসেন। বিক্ষোভ মিছিল সহকারে তারা কোর্টপয়েন্ট অভিমুখে এগিয়ে আসেন। এরপর সিটি পয়েন্টের দিকে সিটি পয়েন্টোর দিকে তারা অগ্রসর হন। কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে তারা মুখোমুখি হলে এক পর্যায়ে তাদের ধাওয়া দেন।

ধাওয়া খেয়ে কোটা আন্দোলনকারীরা দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকেন। একপর্যায়ে আন্দোলনকারীরা রাজপথ ত্যাগ করেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে, বিকেল ৪টা ও সাড়ে ৫টার দিকে দুই দফা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষার্থীর। ফলে দুই পাশে আটকা পড়ে যানবাহন। অবরোধস্থলে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ, গোয়েন্দা পুলিশ, স্পেশাল ফোর্স ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে লাঠিসোটা নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

আপনার মন্তব্য

আলোচিত