নবীগঞ্জ প্রতিনিধি

০৭ এপ্রিল, ২০২৬ ০০:৪১

ফুটপাত দখল করে রাখায় ১৪ মামলা, ২ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জ বাজারে ফুটপাত দখলমুক্ত করতে সোমবার ৬ এপ্রিল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। দীর্ঘদিন ধরে বাজার এলাকার ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা ও দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। জনসাধারণের ভোগান্তি লাঘব এবং বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ফুটপাত দখল, অবৈধ স্থাপনা স্থাপন এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে মোট ১৪টি মামলা দায়ের করা হয়। এ সময় ১৪ জন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাদের কাছ থেকে মোট ২ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। তাদের উপস্থিতিতে অভিযান নির্বিঘ্নভাবে সম্পন্ন হয় এবং দখলকৃত ফুটপাত উচ্ছেদ করা হয়।

নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহিল আমিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। তিনি আরও বলেন, ফুটপাত দখল করে কেউ ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং বাজার এলাকার শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত