০৭ এপ্রিল, ২০২৬ ২৩:৫০
হবিগঞ্জের মাধবপুরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলীর মৃত্যু হয়। তিনি উপজেলার বুল্লা গ্রামের বাসিন্দা রুস্তম আলীর ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, বুল্লা গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে একই গ্রামের কামাল মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সোমবার একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। তবে বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
গুরুতর আহত মোহাম্মদ আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হলে মঙ্গলবার তিনি মারা যান।
আপনার মন্তব্য