১৭ এপ্রিল, ২০২৬ ২২:৫৬
সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়নের পথে। বহুদিন ধরে অবহেলিত বাসিয়া নদী পুনরায় খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, বাসিয়া নদী পুনঃখননের মাধ্যমে স্থানীয় কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি শুক্রবার সকালে সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার এলাকায় বাসিয়া নদী পরিদর্শনকালে এসব কথা বলেন।
তিনি আরও জানান, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান বাসিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ নদী খননের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন। তিনি প্রথমে ১৯৭৭ সালে খনন কাজের উদ্বোধন করতে এবং পরে ১৯৭৯ সালে কাজের অগ্রগতি পরিদর্শনে এখানে আসেন।
এ সময় জিয়াউর রহমান বাজার সংলগ্ন পূর্বদর্শা মসজিদে জোহরের নামাজ আদায় করেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।
পরিদর্শনকালে এলাকাবাসী বাসিয়া নদীর ওপর একটি যুগোপযোগী সেতু নির্মাণের দাবি জানালে মন্ত্রী তা বাস্তবায়নের আশ্বাস দেন।
মন্ত্রী জানান, প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ বাসিয়া নদীর মধ্যে ২৩-২৪ কিলোমিটার অংশ পুনখনন করা হবে। একই সঙ্গে একটি সুইস গেট নির্মাণ করা হবে, যা কৃষি উৎপাদনের জন্য পানি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. কাইছার আলম, নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, জেলে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাদশা আহমদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. তানভীর ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. সেলিম জাহাঙ্গীর, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাসুক ও মুরাদ হোসেন, সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আক্রমণ আলী, ইউনিয়ন বিএনপি নেতা আজম আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য