চুনারুঘাট প্রতিনিধি

২৯ এপ্রিল, ২০২৬ ১৮:৩৯

চুনারুঘাটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সর্বত্র আকস্মিক কালবৈশাখী ঝড় বৃষ্টিতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ।

তাছাড়াও ঝড়ের তান্ডব ও ভারী বৃষ্টিতে গাছপালা, ঘরের টিনের চাল -বেড়া উড়িয়ে নিয়ে গেছে, রাস্তায় হাঁটু সমান পানিতে দুর্ভোগ চরমে। উপজেলায় অধিকাংশ জমির কাচা ও আধাপাকা ধান মাটিতে লুটিয়ে পড়ে পানিতে নিমজ্জিত হওয়ায় কৃষকরা চরম বিপাকে পড়েছেন।

কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার চাষকৃত জমির মধ্যে আগামজাতের কিছু ধান পেকে গেলেও অধিকাংশ ধান এখনও কাঁচা ও আধাপাকা অবস্থায় রয়েছে। গত রোববার মাঝ রাত থেকেই ও বুধবার ভোর রাতে বয়ে যাওয়া তীব্র ঝড় ও বৃষ্টিতে এসব জমির ধান মাটিতে পড়ে লেপ্টে গেছে। ফলে উৎপাদন নিয়ে কৃষকদের মধ্যে চরম শঙ্কা দেখা দিয়েছে।

এছাড়া এ ঝড় বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় শাকসবজি, আখ, পেঁপে, কলা, আম, কাঠাল বাগানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামের কৃষক ধীরেন্দ্র সরকার বলেন, ঝড় ও বৃষ্টিতে ক্ষেতের পুরো ধান মাটিতে লুটিয়ে পড়েছে । এগুলো পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। কৃষক সুভাষ শীল বলেন, হঠাৎ ঝড় আর বৃষ্টিতে সব শেষ হয়ে গেল। এত কষ্ট করে চাষ করেছি, এখন কীভাবে ক্ষতি পুষিয়ে নেব বুঝতে পারছি না।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে। এদিকে, এই ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ বিছিন্ন ছিল চুনারুঘাট উপজেলা। বিভিন্ন এলাকায় ঘরবাড়ির টিনের চাল, গাছপালা ভেঙে পড়ে রাস্তায় ও মাটিতে। অনেক ব্যবসায়ী জানান, রোববার থেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। বজ্রপাত, ঝড় বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারছেন না তারা। অনেকে ব্যবসা প্রতিষ্ঠান খুললেও বাসাবাড়ির থেকেই মানুষ বেরুতে না পারায় ব্যবসা বানিজ্য মন্দা হয়ে পড়েছে। অন্যদিকে, পৌর এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তায় ও অনেক বাসাবাড়িতে হাঁটু সমান পানি জমা হয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছে মানুষ।

এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, প্রাকৃতিক দূর্যোগের কারণে বিভিন্ন সমস্যা জর্জরিত মানুষ। দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসন একযোগে কাজ করছে।

আপনার মন্তব্য

আলোচিত