৩০ এপ্রিল, ২০২৬ ২০:২৬
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের দাসগ্রামে শ্মশানের পবিত্রতা নষ্টের অভিযোগকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনায় এক ব্যক্তিকে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী পিতা-পুত্রের বিরুদ্ধে।
আহত মনোজিৎ কুমার দাস (৪৬) জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, প্রতিবেশী বাবুল বিশ্বাস (৫২) ও তার ছেলে মনি বিশ্বাস (২৮)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছে। এর জেরে তারা বারবার মনোজিৎ কুমারের পূর্বপুরুষদের শ্মশানে প্রবেশ করে শ্মশানের ওপর ড্রেন নির্মাণ পবিত্রতা নষ্টের চেষ্টা করে আসছিল। বৃহস্পতিবার সকালে শ্মশানের বেড়া ভাঙার চেষ্টা করলে মনোজিৎ বাধা দেন। এতে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আহত হন। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।
জানা গেছে, এরআগেও একই বিরোধে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় মনোজিৎ কুমার দাস জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ৬০/২০২৬ মামলা দায়ের করেছেন, যা বিচারাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, বিষয়টি একাধিকবার সালিশে মীমাংসার চেষ্টা হলেও সমাধান হয়নি। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ নিয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য