নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৬ ২০:৩৭

ধান কাটায় শ্রমিক সংকট: সুনামগঞ্জে ৫ মে পর্যন্ত বালু উত্তোলন বন্ধ

সুনামগঞ্জে ধান কাটার শ্রমিক সংকট লাঘবে জেলার সব বালুমহাল ও অন্যান্য স্থান থেকে বালু, মাটি ও বালু মিশ্রিত মাটি উত্তোলন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ১ মে থেকে ৫ মে পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) এস. এম, ইয়াসীর আরাফাতের স্বাক্ষরিত জারি করা এক অফিস আদেশে জানানো হয়, বোরো ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য এবং এটি সময়মতো ঘরে তোলা অত্যন্ত জরুরি। কিন্তু বর্তমানে জেলায় ধান কাটার জন্য পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না। ফলে ফসল ঘরে তুলতে কৃষকরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এর আগে ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত একই কারণে বালুমহালগুলোতে বালু উত্তোলন বন্ধ রাখা হয়েছিল। তবে ধান কাটার কাজ এখনো সম্পূর্ণ শেষ না হওয়ায় ওই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, শ্রমিকদের সম্পূর্ণভাবে কৃষি কাজে নিয়োজিত রাখতে এবং ধান কাটার কাজ নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বালু, মাটি ও বালু মিশ্রিত মাটি উত্তোলন বন্ধ থাকবে।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা নিজ নিজ এলাকায় সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করেন।

আপনার মন্তব্য

আলোচিত