৩০ এপ্রিল, ২০২৬ ২২:২২
সিলেটে নগরের বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ৯১ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে সিলেট মহানগর পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে শেষে ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন এসএমপি কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী।
এসময় গণমাধ্যম কর্মীরাসহ মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনার জানান, বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিবি-সাইবার ক্রাইম ইউনিট এবং GenieA Team এর প্রচেষ্ঠায় মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।
এ সময় পুলিশ কমিশনার উপস্থিত থেকে ৫৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। ইতোমধ্যে ৩৪টি মোবাইল ফোন এর প্রকৃত মালিকগণ সিলেট মেট্রোপলিটন পুলিশ এর ০৬টি থানা হতে নিজ উদ্যেগে নিজেদের মোবাইল ফোন সংগ্রহ করেছেন।
পুলিশ জানায়, পুলিশ কমিশনার গত ২২ ফেব্রুয়ারি মোবাইল ফোন উদ্ধার টিম গঠন করে প্রতি মাসে সম্ভাব্য ১০০টি মোবাইল ফোন উদ্ধারের পরিকল্পনা গ্রহণ করেন। এর প্রেক্ষিতে সিলেট মহানগর এলাকার ছয়টি থানার সর্বমোট ৪৮৫টি জিডি পর্যালোচনা করে গত ১ মাসে ৯১টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য যে, গত ১২ মার্চ হারিয়ে যাওয়া ৭০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তার করা হয়।
সিলেটে মোবাইল ফোন চুরির ঘটনা হরহামেশাই ঘটছে। চুরি হওয়ার পর সেটের মালিকরা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়রি (জিডি) দায়ের করেন।
এরই আলোকে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সেটগুলো উদ্ধারে সক্রিয় হয়। এরপর একটি নির্দিষ্ট সময়ে এসএমপি কমিশনার নিজের হাতে সেগুলো মালিকদের হাতে তুলে দেন।
এসময় এসএমপি কমিশনার নগরবাসীর সেবায় তাদের বিভিন্ন পদক্ষেপ সবার সামনে তুলে ধরেন। তিনি চুরি-ছিনতাই ঠেকাতে পুলিশের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।
এসএমপি কমিশনার মোবাইল সেট চুরি হলে বা হারিয়ে গেলে সাথে সাথে সংশ্লিষ্ট থানাপুলিশকে অবগত করা এবং একটি সাধারণ ডায়রি (জিডি) দায়েরের আহ্বান জানান।
আপনার মন্তব্য