৩০ এপ্রিল, ২০২৬ ২৩:৩০
সিলেটের ওসমানীনগরে সন্ধ্যা রাতে সংঘবদ্ধ একদল ছিনতাইকারী ধারালো অস্ত্রের মুখে পোস্ট অফিসের কর্মচারীদের জিম্মি করে টাকা পয়সা লুট করে পালিয়ে যায়।
উপজেলার একটি জনবহুল বাজারে সন্ধ্যা রাতে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃস্টি হয়েছে অন্যদিকে পোস্ট অফিসের কর্মকর্তা কর্মচারী সহ সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।
বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার গোয়ালাবাজার সাব-পোস্ট অফিসে এই ঘটনাটি ঘটে। এব্যাপারে পোস্ট অফিস কর্তৃপক্ষ বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ প্রদান করেছেন বলে নিশ্চিত করেছেন গোয়ালাবাজার সাব-পোস্ট অফিসের পোস্ট মাস্টার কেশব চক্রবর্তী।
গোয়ালাবাজার পোস্ট অফিস সুত্রে জানা যায়, গত বুধবার অফিস টাইমের পরও ডিগ্রি ফাইনাল পরীক্ষার খাতা গ্রহনের জন্য গোয়ালাবাজার সাব-পোস্ট অফিসের তিনজন কর্মচারী পোস্ট অফিসেই অবস্থান করছিলেন। সন্ধ্যায় গোয়ালাবাজার আদর্শ সরকারী মহিলা কলেজ কেন্দ্রের খাতা গ্রহন করে অফিস বন্ধ করে বাসায় ফেরার পূর্বমুহুর্তে বেশ কয়েকজনের সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্যরা পোস্ট অফিসে প্রবেশ করে ধারালো চাকু(ডেগার) গলায় ধরে পোস্ট অফিসের কর্মচারীদের জিম্মি করে টাকা পয়সা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়।
গোয়ালাবাজার সাব-পোস্ট অফিসের পোস্ট মাস্টার কেশব চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ৩জন কর্মচারীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সন্ধ্যা ৭টার দিকে ছিনতাইকারীরা টাকা পয়সা লুট করে নিয়ে যায়। এঘটনাটি আমি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং এব্যাপারে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছি।
ওসমানীনগর থানার ওসি মুরশেদুল আলম ভুইয়া বলেন, এ বিষয়টি আমার জানা নেই এবং এমন কোনো ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগও কেউ করেনি।
আপনার মন্তব্য