নিজস্ব প্রতিবেদক

০১ মে, ২০২৬ ২৩:৪৯

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সিলেট, নগরজুড়ে উৎসবের আমেজ

সিলেটজুড়েই এখন উৎসবের আমেজ। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে প্রস্তুতি। এবার অপেক্ষার পালা। শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর দায়িত্বগ্রহণের পর এটাই তার প্রথম সিলেট সফর। তাই তাঁর এই সফরকে ঘিরে সিলেটবাসীর প্রত্যাশাও আকাশছোঁয়া। বিশেষত নানা ক্ষেত্রে উন্নয়নে পিছিয়ে থাকা সিলেটবাসী এবার বঞ্চনার অবসান চান। অপরদিকে, প্রস্তুতিও ব্যাপক।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেট নগরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনাগুলো নতুন করে সাজানো হয়েছে।রাস্তা মেরামত, সড়কের ডিভাইডারে সৌন্দর্যবথর্ধনকারী বৃক্ষরোপন, নতুন রং করাসহ নগরকে একবারে ঝকঝকে রূপ দেয়া হচ্ছে। নগর থেকে অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুনও অপসারণ করে নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টার দিকে আকাশপথে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পৌঁছে তিনি সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউস–সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নগর ভবনে সুধী সমাবেশে অংশ নেবেন। বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের বহুতল ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

একই দিন দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা আছে প্রধানমন্ত্রীর। এরপর বেলা তিনটায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় এক সভায় যোগ দিয়ে তিনি ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও গোয়েন্দা সংস্থাগুলো মাঠে কাজ করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট, নজরদারি এবং প্রটোকল অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সফরের সময়সূচি অনুযায়ী প্রতিটি স্থান আগেভাগেই প্রস্তুত রাখা হচ্ছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রয়েছে।

প্রধানমন্ত্রীর সিলেট সফরের নিরাপত্তা প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশ কমিশনার্আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি দেখভালের প্রধান দায়িত্বে রয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স-এসএসএফ। এর বাইরে সিলেটের র‌্যাব, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা বাহিনী দায়িত্ব পালন করবে।

তিনি জানান, পুলিশের গোয়েন্দা বাহিনীসহ অন্যান্য গোয়েন্দারা মাঠে সক্রিয় রয়েছেন। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আমরা সম্পূর্ণ প্রস্তুত। সর্বোচ্চ সজাগ ও সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা আশাবাদী, নির্বিঘ্নেই এ প্রোগ্রাম শেষ হবে।


প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি প্রসঙ্গে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত। পুরো সিলেট অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় আছে। আশা করছি, তার সফরের মাধ্যমে সিলেটের উন্নয়নের নতুন দিগন্তের সূচনা হবে।

এ প্রসঙ্গে শুক্রবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটে নির্বাচনী প্রতিশ্রুতির ভিত্তিতে নেওয়া উন্নয়ন পরিকল্পনার অগ্রগতি প্রধানমন্ত্রীর সফরে স্পষ্টভাবে তুলে ধরা হবে।

মন্ত্রী বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতির আলোকে সিলেট অঞ্চলের অবকাঠামো, যোগাযোগ ও ক্রীড়া খাতসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হয়েছে। এসব উদ্যোগের সার্বিক চিত্র প্রধানমন্ত্রীর সফরের সময় জনগণের সামনে উঠে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেটজুড়ে ইতোমধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, “দীর্ঘদিন মানুষের পছন্দের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই গুম ও হত্যার মতো ঘটনার মুখোমুখি হয়েছেন। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সফর বিশেষ তাৎপর্য বহন করে।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আগমন সিলেটবাসীর জন্য কেবল প্রশাসনিক নয়, আবেগেরও বিষয়। তাঁর নেতৃত্বে দেশ যে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে, তার প্রতিফলন সিলেটের উন্নয়ন কার্যক্রমেও দৃশ্যমান হবে।

আপনার মন্তব্য

আলোচিত