নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০২৬ ১০:৩৫

সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে এসে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকাল ১০টার দিকে তাকে বহনকারী ফ্লাইট সিলেটে অবতরণ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী বিমানবন্দর থেকে তিনি যাবেন সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতে। পরে বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউস–সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নগর ভবনে সুধী সমাবেশে অংশ নেবেন।

বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের বহুতল ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

একই দিন দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা আছে প্রধানমন্ত্রীর। এরপর বেলা তিনটায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় এক সভায় যোগ দিয়ে তিনি ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও গোয়েন্দা সংস্থাগুলো মাঠে কাজ করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট, নজরদারি এবং প্রটোকল অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর দায়িত্বগ্রহণের পর এটাই তার প্রথম সিলেট সফর।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেট নগরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনাগুলো নতুন করে সাজানো হয়েছে। রাস্তা মেরামত, সড়কের ডিভাইডারে সৌন্দর্যবর্ধনকারী বৃক্ষরোপণ, নতুন রং করাসহ নগরকে একবারে ঝকঝকে রূপ দেয়া হয়েছে। নগর থেকে অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুনও অপসারণ করে নিয়েছে সিলেট সিটি করপোরেশন।

আপনার মন্তব্য

আলোচিত