০৩ মে, ২০২৬ ২০:১১
রবিবার সকালে সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নির্মাণশ্রমিক মারা গেছেন। এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী ছিলেন পুলিশ সদস্য রনজিৎ তালুকদার। তিনি ভোরে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ সদস্যদের প্রটোকলের দায়িত্বে ছিলেন। পথিমধ্যে তার চোখের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সদস্য রনজিৎ তালুকদার দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরেন।
তিনি বলেন, ‘সিলেটের তেলিবাজার এলাকায় মারকাজ পয়েন্টে কাঁঠালবোঝাই একটি ট্রাক পিকআপের পেছনে ধাক্কা দেয়। এতে পাখির বাচ্চার মতো ৮-৯ জন লোক পিকআপ থেকে ছিটকে পড়ে যায়। তাদের মধ্যে দুজন নারী ছলেন। আমি দ্রুত গাড়ি আটক করে ৯৯৯-এ কল দিয়ে সুরমা থানায় জানাই। থানার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসে। মনে হয়েছে, ট্রাকটি চালক নয়, হেল্পার চালাচ্ছিল। তার চোখ দেখে মনে হয়েছে ঘুম ছিল।’
দুর্ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই নির্মাণশ্রমিক। সিলেট থেকে ডিআই পিকআপভ্যানে করে সুনামগঞ্জে যাচ্ছিলেন তারা। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
নিহত ও আহত শ্রমিকদের সহকর্মীরা জানান, রবিবার (৩ মে) ভোর ৬টায় সিলেটের লালাবাজার এলাকায় ঢোলাই কাজে যাওয়ার জন্য নগরীর আম্বরখানা থেকে একটি ডিআই পিকআপভ্যানে করে রওনা দেন প্রায় ১৫ জন শ্রমিক। ভোর ৬টা ২৫ মিনিটের এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ইদ্রিস আলীর স্ত্রী নার্গিস, দিরাই উপজেলার বসির মিয়ার মেয়ে মুন্নি মনি, নূর সালামের ছেলে ফরিদুল ও মৃত ফকরুল আলীর ছেলে সুরুজ আলী এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের কুঠির বিশ্বাসের ছেলে পান্ডব বিশ্বাস ও পুটামারা গ্রামের সুজাত আলীর ছেলে বদরুল জামান, সুনামগঞ্জ উপজেলার বিশ্বম্ভরপুর উপজেলার আজির উদ্দিন ও তার ভাই আমির উদ্দিন।
আহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রফিক মিয়ার ছেলে আলমগীর, সুনামগঞ্জের দিরাই উপজেলার মল্লিক মিয়ার ছেলে আফরোজ মিয়া, একই এলাকার মৃত শুক্কুর উল্লাহর ছেলে তুরাব উল্লাহ, মৃত আলীম উদ্দিনের ছেলে রামিন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রাবু বেগম, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা গ্রামের বদরুজ্জামানের স্ত্রী হাফিজা বেগম।
দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম বলেন, ‘সিলেটের দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই ট্রাক ও শ্রমিকবাহী ডিআই পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান। দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তারা সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
তিনি বলেন, ‘এ ঘটনার পরপরই দুই গাড়ির চালক পালিয়ে গেছে। আর ট্রাকের হেল্পারকে আটক করা হয়েছে।’
আপনার মন্তব্য