জগন্নাথপুর প্রতিনিধি

০৪ মে, ২০২৬ ২১:১৪

উপবৃত্তির প্রলোভনে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, আরবি শিক্ষককে গণধোলাই

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট কামিল মাদ্রাসায় এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের আরবি প্রভাষক সামসুল হুদার বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার উপবৃত্তির ফরম পূরণের কথা বলে আলিম প্রথম বর্ষের এক ছাত্রীকে ডেকে আনেন তিনি। শিক্ষক মিলনায়তনে ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। ভুক্তভোগী ছাত্রী পালিয়ে বাড়ি গিয়ে বিষয়টি স্বজনদের জানায়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যার দিকে উত্তেজিত এলাকাবাসী ওই শিক্ষককে আটক করে গণধোলাই দেয়। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সামসুল হুদার বিরুদ্ধে এর আগেও অভিযোগ ছিল। ২০১৫ সালে যোগদানের পর মুঠোফোনে আপত্তিকর কর্মকাণ্ডের দায়ে থানায় অভিযোগ হলে তিনি বরখাস্ত হয়েছিলেন।

এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায় বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক। একজন শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটি একটি ট্রাস্টি বোর্ড পরিচালনা করছে। মাদ্রাসা সুপারসহ সংশ্লিষ্টদের ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যাতে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখে।

আপনার মন্তব্য

আলোচিত