০৬ মে, ২০২৬ ২৩:৪১
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা এলাকায় একটি কেথলিক মিশনে গরু চুরির পর সেটি জবাই করে মাংস নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি করেছে। তবে ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মিশন সূত্রে জানা যায়, গত ১ মে গভীর রাতে উপজেলার সুদিয়াখলা এলাকায় অবস্থিত সাধু ফ্রান্সিস জিবিআর কেথলিক মিশন-এর গোয়ালঘরের তালা ভেঙে একটি ষাঁড় চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মিশনের পেছনের নির্জন স্থানে গরুটি জবাই করে মাংস নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে গরুর কিছু অবশিষ্টাংশ পড়ে থাকতে দেখা যায়।
মিশনের ব্যবস্থাপক সুমন সরকার জানান, মিশনের অর্থায়নে কয়েকটি গবাদিপশু লালন-পালন করা হচ্ছিল। চুরি হওয়া ষাঁড়টির আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা।
মিশনের ইনচার্জ ফাদার মার্কাস মুরমু বলেন, আমাদের মিশনে কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক নানা কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি দাতাদের সহায়তায় একটি প্রতিবন্ধী শিশু উন্নয়ন কেন্দ্রও চালু রয়েছে। আমরা চাই প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনবেন এবং মিশনের নিরাপত্তা নিশ্চিত করবেন ।
তিনি আরও জানান, মিশনে প্রতিবন্ধী শিশু শিক্ষা ও সেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে, যা এ ধরনের ঘটনায় বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ঘটনায় গত ২ মে বিকেলে শায়েস্তাগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তাধীন রয়েছে।
তিনি জানান, “মামলা দায়ের করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মন্তব্য