০৮ মে, ২০২৬ ১৩:১৯
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় এক নারী ও তার শিশুসন্তানকে ছুরি ধরে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নারীর স্বামী হোসাইন আহমদ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (৬ মে) সকাল সোয়া ৮টার দিকে চান্দাই পশ্চিমপাড়া পিরবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। হোসাইন আহমদের স্ত্রী শামিমা নাসরিন তাদের শিশু সন্তানকে নিয়ে স্থানীয় একটি মাদরাসায় যাওয়ার পথে আক্তার মিয়ার ঘরের সামনে পৌঁছালে একটি মোটর সাইকেলে দুই যুবক সেখানে উপস্থিত হয়।
অভিযোগে বলা হয়, মোটরসাইকেল থেকে নেমে একজন শিশুটির গলায় ছুরি ধরে ভীতি প্রদর্শন করে এবং অপরজন নারীর গলা চেপে ধরে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, ছিনতাইকারীরা নারীর গলা থেকে একটি স্বর্ণের চেইন এবং কান থেকে দুই জোড়া স্বর্ণের রিং নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তারা ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানিয়েছেন।
অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি আশরাফুজ্জামান জানান, বিষয়টির তদন্ত চলছে।
আপনার মন্তব্য