০৮ মে, ২০২৬ ২৩:২০
প্রশিক্ষণ কর্মশালার দক্ষতা ইতিবাচক কাজে প্রয়োগ করতে হবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল।
শুক্রবার (৮ মে) সকালে সুনামগঞ্জ শহরের শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে ফলোআপ কর্মশালার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের অংশীদারত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল বলেন, "প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে দক্ষতা অর্জন করতে হতে। দক্ষতা অর্জন করে ইতিবাচক কাজে প্রয়োগ করতে হবে। আমি আশা করছি, এই কর্মশালা থেকে ক্ষুদে সাংবাদিকরা ভালো কিছু নিয়ে যাবে। সুনামগঞ্জে সব সময় ইতিবাচক সাংবাদিকতা হয়, তোমরাও ইতিবাচক দিকগুলো তুলে ধরবে। একই সঙ্গে তোমাদের মনযোগ দিয়ে পড়ালেখা করতে হবে।"
তিনি আরও বলেন, "আমাকে যখন শিশু সাংবাদিকতা কর্মশালায় আসার জন্য বলা হয়েছিল, তখন আমার মনে হয়েছে আমাকে কর্মশালায় যেতে হবে। এবং দেখতে হবে শিশুদের কী কী শেখানো হয়। শিশুরা কীভাবে সংবাদ তৈরি করবে। সেটা থেকেই আমি এসেছি।"
উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি বাপ্পা মৈত্র।
দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আন্তর্জাতিক ডেস্কের তনুশ্রী বিশ্বাস।
জানুয়ারিতে দুই দিনের কর্মশালায় অংশ নেয়া ২০ জন শিশুর মধ্য থেকে ১০ জনকে একদিনের ফলো-আপ কর্মশালার জন্য বাছাই করা হয়।
আপনার মন্তব্য