০৯ মে, ২০২৬ ১৯:০৯
হামে সাড়ে ৩শয়ের অধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে শনিবার সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদ। বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল ও সঞ্চালনা করে সাধারণ সম্পাদক শাহীন ফকির।
চলমান পরিস্থিতিতে হামকে মহামারি ঘোষণা করে দ্রুত অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন করা, ৩৫০ এর অধিক শিশু হত্যাকারী সাবেক প্রধান উপদেষ্টা ইউনুস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার, টিকাদান কর্মসূচীতে সরকারি বরাদ্দ বাড়াও, শিশুর স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখে শাবিপ্রবি ছাত্র ইউনিয়নের সংগঠক নাজনীন লিজা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনীষা ওয়াহিদ।
বক্তব্যে মনীষা ওয়াহিদ বলেন " হামের সাড়ে তিনশোর অধিক শিশুর মৃত্যু নিছক কোন অস্বাভাবিক ঘটনা নয়। বরং হামে এই মৃত্যুর মিছিল একটি কাঠামোগত হত্যাকান্ড। গতবছর সেপ্টেম্বর-অক্টোবরে টিকাদান কর্মসূচী স্থগিত করার মতো সিদ্ধান্ত নিয়ে ইউনুস সরকার এই দেশে শত শত শিশু মৃত্যুর রূপরোখা তৈরী করেছে "।
সভাপতির বক্তব্যে মাশরুখ জলিল বলেন, "একটি শিশুর জন্মের মাধ্যমে সেই শিশুকে কেন্দ্র করে একটি পরিবারের সমগ্র স্বপ্ন গড়ে উঠে। কিন্তু বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থার অনিয়মতান্ত্রিকতা ও সরকারগুলোর ব্যর্থতা যে ভয়াবহ পরিস্থিতি তৈরী করেছে তার ভুক্তভুগী হতে হচ্ছে এদেশের সাধারণ মানুষকে। দ্রুত অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন করা এবং আগামী বাজেটে শিশুস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা ব্যতীত উত্তরণের পথ খোলা অবশিষ্ট নেই। অবিলম্বে দোষীদের বিচার করে চিকিৎসা খাত সম্পূর্ণরুপে সরকারিকরণের আওয়ায় আনতে হবে। "
হামকে মহামারী ঘোষণা করে অবিলম্বে সরকারকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহনের তাগিদ দেওয়া হয়। ইতোমধ্যে পরিস্থিতি সামলাতে ব্যর্থ সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য