১৮ ফেব্রুয়ারি , ২০১৬ ২১:২৩
বর্ণাঢ্য আয়োজনে হাজারো ভক্ত-গুণগ্রাহী শ্রোতাদের ভালোবাসায় পরিবেশিত হয়েছে বাউল সম্রাট শাহ্ আবদুল করিম জন্মশতবর্ষ উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) শতকণ্ঠে বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের গান “মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে...” ও গাড়ি চলেনা, চলেনা, চলেনা রে...” গেয়ে ৩দিনব্যাপী শাহ আবদুল করিম জন্মশতবার্ষিকী উৎসব ‘আমি বাংলা মায়ের ছেলে’র দ্বিতীয় দিনের আয়োজন শুরু হয়।
দ্বিতীয় দিনের আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পীরা। গান, নাচ, তথ্যচিত্র ও আলোচনায় দর্শকরা নতুন করে উপলব্ধি করেন বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের জীবন, দর্শন ও তাঁর চিন্তার গভীরতাকে। বুঝতে শিখেন এ ভাটির প্রবাদ পুরুষ এ বাউলকে।
উৎসবের দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিলেন উপমহাদেশের প্রখ্যাত গণসংগীত ও লোকসঙ্গীত শিল্পী শুভেন্দু মাইতি। তাঁর পরিবেশনায় বিমোহিত হন উপস্থিত দর্শকরা। গানের সাথে বাউল করিম ও তাঁর দর্শন নিয়েও কথা বলেন শুভেন্দু মাইতি। ভারতের পশ্চিমবঙ্গে এ বছর বাউল শাহ্ আবদুল করিমের জন্মশতবার্ষিকী উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বছর ভারতে যতগুলো লোকগানের অনুষ্ঠান হবে, তার সবগুলোতে অর্ধেকের বেশি পরিবেশনা থাকবে বাউল শাহ্ আবদুল করিমের গানের।’
বাউল করিম ও তাঁর জীবনদর্শন নিয়ে আলোচনায় ভারতের আরেক প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার বলেন, ‘আমি এখানে অতিথি শিল্পী হিসেবে কথা বলতে চাই না। আমার পূর্বপুরুষ সিলেটের, তাই আমি এখানকার সংস্কৃতির সন্তান।’ আলোচনায় আরো অংশগ্রহণ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলির সদস্য ঝুনা চৌধুরী ও উৎসব জাতীয় কমিটির যুগ্ম আহবায়ক সামসুল আলম সেলিম।
দ্বিতীয় দিনের আয়োজনে শুভেন্দু মাইতি ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী চন্দনা মজুমদার, ফকির শাহাবুদ্দিন, শাহনাজ বাবু, পথিক সবুজ ও আবু বকর সিদ্দীক। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন অংশুমান দত্ত অঞ্জন, লাভলী দেব, পঙ্কজ দাস, গৌতম চক্রবর্তী, মরিয়ম বেগম সুরমা, কাকলি দত্ত মুন্নী, শিপন চৌধুরী, ইকবাল সাই, লাভলী লস্কর, রুবী দাস ও মিতালী চক্রবর্তী।
এ দিন সন্ধ্যা সাড়ে ৭টায় পরিবেশিত হয় বাউল শাহ্ আবদুল করিমের জীবন ও দর্শন অবলম্বনে সিলেটের তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু নির্মিত একটি তথ্যচিত্র।
সিলেটে ৩দিনব্যাপী এ আয়োজন শেষ হবে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি)। সমাপনী দিনে সঙ্গীত পরিবেশন করবেন ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত লোকসঙ্গীতের দল ‘দোহার’। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আগত ও স্থানীয় শিল্পীদের পরিবেশনা থাকছে সমাপনীতে।
শাহ্ আবদুল করিম জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় পর্ষদের উদ্যোগে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও সিলেট উৎসব কমিটির ব্যবস্থাপনায় বুধবার বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে উৎসব উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার সুজেয় শ্যাম ও শাহ আবদুল করিম জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ।
আপনার মন্তব্য