১৮ ফেব্রুয়ারি , ২০১৬ ২১:৫৪
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিসির্টির বিবিএ ৪র্থ বর্ষের ছাত্র কাজী হাবিব হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করেছে কাজী হাবিব পরিষদ সিলেট।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ইউনিভার্সিটি প্রধান ফটক থেকে মিছিলসহকারে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌহাট্টা সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রায় এক মাস হয়ে গেলেও হাবিব হত্যাকারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। মামলা অন্যতম আসামি হোসাইন মোঃ সাগর ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদেরকে মোবাইল ফোনে ও বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
এ হত্যাকান্ডের ব্যাপারে ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ তুলে বক্তারা বলেন, খুনিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে তারা আরো বেপরোয়া হয়ে ওঠবে। তাছাড়া খুনিদের অব্যাহত হুমকিতে সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আতংক বিরাজ করছে।
অবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবি জানিয়ে তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করা না হলে শিক্ষার্থীরা লাগাতার আন্দোলনে যেতে বাধ্য হবে।
আপনার মন্তব্য