নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২৬ ০১:১৩

মৌলভীবাজারের পদযাত্রা স্থগিত করে আজও হবিগঞ্জে এনসিপির মিছিল ও সমাবেশ

হামলার প্রতিবাদে কর্মসূচি

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনায় পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করে নতুন কর্মসূচির ডাক দিয়েছে দলটি। হামলার প্রতিবাদে উত্তর অঞ্চলের রোডম্যাপ অনুযায়ী অনুষ্ঠিত হতে যাওয়া মৌলভীবাজার জেলার দুটি পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে আজ বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টায় হবিগঞ্জ শহরেই এনসিপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

দলীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে হবিগঞ্জের এই প্রতিবাদ সমাবেশে এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব সরাসরি উপস্থিত থাকবেন। এতে অংশ নেবেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি, উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক যথাক্রমে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ এমপি। এছাড়াও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি এবং সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন।

এদিকে, হামলার ঘটনার পর নিজের ফেসবুক পেজে দেওয়া এক সারজিস আলম বিএনপির শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ জানান। তিনি লেখেন, “জনাব তারেক রহমান, আমরাও দেখতে চাই—আপনি আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন, কত কিশোরের চোখ উপড়ে ফেলতে পারেন, কত মানুষের জীবন নিতে পারেন! দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ শহরের প্রধান সড়কে পদযাত্রা শেষে ফেরার পথে হামলার মুখে পড়েন এনসিপি নেতাকর্মীরা। হামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম, দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৭-৮ জন নেতাকর্মী গুরুতর আহত হন। হামলাকারীরা সাংবাদিকদের কভারেজ গাড়ি ও মোবাইল ফোন ভাঙচুর করে বলেও অভিযোগ ওঠে।

আহত নেতাকর্মীদের নিয়ে হাসপাতালে যাওয়ার পথেই রড ও লাঠিসোটা নিয়ে পুনরায় হামলা চালানো হয় বলে দাবি করে সারজিস আলম জানান, স্থানীয় বিএনপি নেতা জি কে গৌছের অনুসারী ছাত্রদল ও যুবদলের কর্মীরা এই নৃশংস আক্রমণ চালিয়েছে। এমনকি আহতদের সদর হাসপাতালে চিকিৎসাধীন হতেও বাধা দেওয়া হয়।

এনসিপি নেতাদের অভিযোগ, পদযাত্রায় বিএনপি সরকারের নানা নীতি ও রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে বক্তব্য দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এ হামলা চালানো হয়।

তবে এনসিপির ওপর হামলার এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় ছাত্রদল। হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন দাবি করেন, এ ঘটনার সাথে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই।

অশালীন বক্তব্য দেওয়ার কারণে 'বিক্ষুব্ধ জনতা' এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত