০৮ আগস্ট, ২০২৬ ১৫:৫৩
সিলেটে হাসপাতালে আইসিইউ না পাওয়ায় হামে আক্রান্ত আট মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ ওঠেছে।
শনিবার দুপুরে সিলেটের একমাত্র হাম ডেডিকেটেড হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এ আয়ান নামের ওই শিশুর মৃত্যু হয়৷
শিশুটির গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে।
শিশুটির বাবা মোরশেদ আলম ও মা খোরশেদা বেগমের দাবি, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ না পেয়ে পরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসেন তারা।
তাদের অভিযোগ, শামসুদ্দিন হাসপাতালে আনার পর শিশুটির অক্সিজেন প্রয়োজনের কথা জানানো হলেও তাদেরই অক্সিজেনের ব্যবস্থা করে আনতে বলা হয়। এরপর আইসিইউর প্রয়োজন হলেও আইসিইউ দেওয়া হয়নি। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর শিশুটির মৃত্যু হলে তাকে আইসিইউতে নেওয়া হয় বলে অভিযোগ তাদের।
বামা-মায়ের প্রশ্ন, রোগী মারা যাওয়ার পরই কীভাবে আইসিইউতে শয্যা খালি হলো?
শনিবার দুপুরে শামসুদ্দিন হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে কান্না করে এমন অভিযোগ জানান তারা।
এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শিশুটি ওসমানী হাসপাতালে ভর্তি ছিল বলে জানিয়েছেন তার স্বজনরা। কিন্তু সেখানকার লিখিত অনুমোদন ছাড়া তারা এখানে চলে আসেন। আগে থেকে বলে না আসায় তাৎক্ষণিকভাবে আইসিইউ ব্যবস্থা করা যায়নি।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, শিশুটি যখন এখানে আসে তখন আইসিইউ খালি ছিল না তখন। তাকে জরুরি বিভাগে নিয়ে পর্যবেক্ষণ করা হয়৷ পরে আইসিইউ খালি হওয়া সাপেক্ষে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই রোগী মারা যায়৷
এই মৃত্যুতে দুঃখ প্রকাশ করে আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, কোনো রোগীর আইসিইউ প্রয়োজন হলে কর্তৃপক্ষ যোগাযোগ করেন। এক্ষেত্রে তারা সরাসরি অনুমতি ছাড়া স্বেচ্ছায় হাসপাতালে চলে আসেন। আগে থেকে যোগাযোগ করে আসলে ভাল হত।
আইসিইউ প্রয়োজন হলে পূর্বপ্রস্তুতি নিয়ে রোগী স্থানান্তর করা হয় বলে জানান তিনি।
আপনার মন্তব্য