নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৬ ২৩:৩২

সিলেটে দ্বিতীয় বিয়ে করায় ইমামকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন

সিলেটের গোলাপগঞ্জে স্থানীয় একটি মসজিদের ইমাম রুহুল আমিন হত্যার দায়ের তার স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দন্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে অরো ৬ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা আদালত নং-৩ এর বিচারক মুহাম্মদ জালাল উদ্দিন এ রায় ঘোষণা করেন। ওই আদালতের বেঞ্চ সহকারী মো. সোহেল রানা রায়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি নাদিয়া বেগম উরফে লতি (৪৫) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার বশিয়া খউরী (তোতা লন্ডনীর বাড়ী) গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, আসামি নাদিয়া বেগম উরফে লতির সাথে ঘটনার ৭/৮ বছর আগে গোলাপগঞ্জ থানার লামাদমজা গ্রামের মো. শাহিদুর রহমানের ছেলে স্থানীয় একটি মসজিদের ইমাম রুহুল আমিনের (৩৭) বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে কোন সন্তানাদি না হওয়াতে রুহুল আমিন আরেকটি বিয়ে করেন। এ নিয়ে তাদের সংসারে পারিবারিক কলহ চলে আসছিলো। ২০২৪ সালের ১৯ অক্টোবর রাত ১টা থেকে দেড় টার দিকে পারিবারিক কলহের জের ধরে নাদিয়া বেগম রুহুল আমিনকে চেতনা নাশক ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন এবং পরবর্তীতে তিনি ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে স্বামীকে হত্যা করে লাশ খাটের নিচে লুকিয়ে রাখেন। পরদিন তিনি স্বামী নিঁেখাজের সংবাদ প্রচার করতে থাকেন।

একপর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে এবং স্ত্রী নাদিয়া বেগম উরফে লতিকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় নিহত রুহুল আমিনের পিতা মো. শাহিদুর রহমান বাদি হয়ে নাদিয়া বেগম উরফে লতিকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ আগষ্ট গোলাপগঞ্জ মডেল থানার এসআই (নিঃ) মোহাম্মদ আবু সাঈদ পিপিএম একমাত্র আসামি নাদিয়া বেগম উরফে লতিকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র নং- ১৫০) দাখিল করেন। পরবর্তীতে আদালত চার্জগঠন করে এ মামলার বিচারকার্য্য শুরু করেন। দীর্ঘ শুনানী ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত আসামি নাদিয়া বেগমকে ১৮৬০ সালের ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদন্ড ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

রাষ্ট্রপক্ষে এডিশনাল পিপি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক, বাদীপক্ষে অ্যাডভোকেট শংকর লাল দাস ও আসামিপক্ষে অ্যাডভোকেট হাসিনা মমতাজ মামলাটি পরিচালনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত