সিলেটটুডে ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৬ ২০:২৭

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন নুরুল ইসলাম নাহিদের পক্ষে আইনজীবী সাথী সাহা জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করেন।

এর আগে গত ১৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. মাহমুদুল হাসান মোড়ল তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তদন্তের প্রয়োজনে পরে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

গত ১৮ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানার একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নেন মাদ্রাসাছাত্র মাওলানা সাদিকুল ইসলাম। ওই দিন বিকেল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, একপর্যায়ে ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা ব্যক্তি একযোগে আন্দোলনকারীদের ধাওয়া করেন এবং দেশীয় অস্ত্র দিয়ে মারধরের পাশাপাশি গুলি চালান। এতে সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।

আপনার মন্তব্য

আলোচিত