শাকিলা ববি, হবিগঞ্জ

২৯ ফেব্রুয়ারি , ২০১৬ ১৮:৪৩

বাহুবলে ৪ শিশু হত্যা : ফের তিন দিনের রিমান্ডে শাহেদ

হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় আসামি শাহেদ আহমেদ উরপে ছায়েদের (২৫) ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলম। সোমবার (২৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় শাহেদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালতে মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির আলম আসামি শাহেদের ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। বিজ্ঞ বিচারক শুনানী শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ব্যাপারে মামলার বাদীপক্ষের আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান- আসামি শাহেদ ৫ দিনের রিমান্ডে থাকা অবস্থায় একেক সময় একেক ধরণের তথ্য দেন। তাই আরও যুক্তিযুক্ত তথ্য উদঘাটনের আশায় তার রিমান্ড চাওয়া হয়েছে।

এর আগে ২৫ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে শাহেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ ঘটনায় এ পর্যন্ত ৬ জন কারাগারে রয়েছে। এর মধ্যে আব্দুল আলী উরপে বাগালোর ছেলে জুয়েল, রুবেল ও তার সহযোগী হাবিবুর রহমান আরজু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাদের অপহরণ করা হয়। পাঁচদিন পর বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরের ইছারবিল খালের পাশে বালুমিশ্রিত মাটিচাপা অবস্থায় ওই চার শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশুরা হলো- বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া শুভ (৮), প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭), চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাইল মিয়া (১০)। এদের মধ্যে প্রথম তিনজন সম্পর্কে আপন চাচাতো ভাই। আর ইসমাইল তাদের প্রতিবেশী।

আপনার মন্তব্য

আলোচিত